জুলাইয়ে চীনের রপ্তানি ও আমদানি প্রবৃদ্ধির হার কমে গেছে
জুলাই মাসে চীনের রপ্তানি আয় ও আমদানি ব্যয়—উভয়ের প্রবৃদ্ধিই কমে গেছে। এর ফলে টানা দুই মাস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির আমদানি-রপ্তানির প্রবৃদ্ধি কমে গেল।জুলাই মাসে চীনের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে মাত্র এক শতাংশ। জুন মাসে এই হার ছিল ১১ দশমিক ৩০ শতাংশ। প্রধান বাজারগুলোয় চাহিদা কমে যাওয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। খবর বিবিসির।অন্যদিকে জুলাই মাসে আমদানি ব্যয় বেড়েছে চার দশমিক ৭০ শতাংশ, যা জুন মাসে ছিল ছয় দশমিক ৩০ শতাংশ। এটি অভ্যন্তরীণ চাহিদা কিছুটা দুর্বল হয়ে পড়ার আভাস দিচ্ছে।বিশ্লেষকেরা বলছেন, প্রত্যাশার চেয়েও বেশি দুর্বল উপাত্ত প্রকাশিত হওয়ায় এখন চীন সরকারের দিক থেকে উদ্দীপনা সঞ্চারণী পদক্ষেপ গ্রহণ অনিবার্য হয়ে উঠেছে। ২০০৯ সালের নভেম্বরের পর এই প্রথম চীনের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি এত নিচে নেমে গেছে।এর আগে জুলাই মাসে চীনের শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। জুন মাসে যেখানে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধির হার ছিল সাড়ে ৯ শতাংশ, সেখানে জুলাই মাসে এই হার নেমে এসেছে ৯ দশমিক ২০ শতাংশে।বিশ্লেষকেরা বলছেন, এসব তথ্য থেকে এটা এখন স্পষ্ট যে চীনের অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে।