জুলাইয়ে নতুন বেতন কাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৫ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হবে। সচিবালয়ে গতকাল বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনসাই ঝাংয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।
বেতন কাঠামো নিয়ে গতকাল কয়েকটি পত্রিকায় ভুলভাবে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। গত মঙ্গলবার জাতীয় সংসদে এ বিষয়ে যে বক্তব্য দিয়েছিলেন অর্থমন্ত্রী, তার ভিত্তিতে বুধবার গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ‘১৫ ডিসেম্বরের পর নতুন পে স্কেল’ শিরোনাম দিয়ে প্রতিবেদন প্রকাশের কারণেই মূলত ক্ষুব্ধ হন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, ‘রাবিশ। এত স্টুপিড রিপোর্টিং করেছে যে চিন্তাও করা যায় না। লিখিত বক্তব্য থেকে এত বাজে প্রতিবেদন কীভাবে করে!’ মুহিত আরও বলেন, ‘লিখিত বক্তব্য থেকেও যদি প্রতিবেদন তৈরি করতে না পারে, সে কি সাংবাদিক হিসেবে উপযুক্ত?’
অর্থমন্ত্রী বলেন, ‘আমি বলেছি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে চাকরি ও বেতন কমিশনের প্রতিবেদন পাব। এরপর তা মন্ত্রিসভায় যাবে, আলোচনা হবে। পরের বছরের জুলাই থেকে তা কার্যকর হবে। অথচ পত্রিকা কী লিখে দিল!’ কয়েকটি পত্রিকার কাটিং সঙ্গে থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলার শেষ দিকে অর্থমন্ত্রী শুধু একটি পত্রিকার নাম উচ্চারণ করেন।