জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুসারে, এ বছর জুলাই মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২১ কোটি ৯০ লাখ ডলার, যেখানে গত বছর একই সময়ে ঘাটতি ছিল ২১ কোটি ১০ লাখ ডলার।পণ্য বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায়, জুলাই মাসে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি পণ্য আমদানি ব্যয়ের প্রবৃদ্ধির তুলনায় বেশি ছিল। তবে পণ্য বাণিজ্যের তুলনায় সেবা খাতের বাণিজ্যে ঘাটতির পরিমাণ জুলাই মাসে অনেক বেশি বলে দেখা যায়।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, জুলাই মাসে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫৩ কোটি ৩০ লাখ ডলার। আর গত বছরের জুলাই মাসে এ ঘাটতির পরিমাণ ছিল ৪১ কোটি ডলার।এর ফলে চলতি বছরের জুলাই মাসে সামগ্রিক বাণিজ্যে ঘাটতি ৭৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে, যেখানে গত বছর জুলাই মাসে সামগ্রিক ঘাটতি ছিল ৬২ কোটি ডলার। বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় চলতি হিসাবের ভারসাম্যসহ সার্বিক লেনদেনের ওপর চাপ বেড়ে গেছে।তবে জুলাই মাসে চলতি হিসাবের ভারসাম্যে ২৫ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে, যেখানে গত বছরের জুলাই মাসে এ উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৭ কোটি ৪০ লাখ ডলার।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। মোটা দাগে এটাই উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঋণ করে সেই ঘাটতি পূরণ করতে হচ্ছে।মূলত প্রবাসী-আয়ের উচ্চপ্রবাহ চলতি হিসাবের উদ্বৃত্ত ধরে রাখতে সহায়তা করেছে। জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ব্যাংকব্যবস্থার মাধ্যমে ১০১ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, জুলাই মাসে দেশে ১০ কোটি ডলারের কিছু বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে, যেখানে গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার।অবশ্য চলতি বছরের জুলাই মাসে সার্বিক লেনদেনে চার কোটি ৩০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। গত বছরের জুলাই মাসে ছিল সাত কোটি ৮০ লাখ ডলারের উদ্বৃত্ত।