জুলাইয়ে রপ্তানি বেড়েছে ২৬.৪৯ শতাংশ হারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৮১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৪৯ শতাংশ বেশি। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনা পর্ষদের ১২৭তম সভায় গত সোমবার এ তথ্য প্রকাশ করা হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুর্তজা রেজা চৌধুরী, ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাদুকা রপ্তানিকারক সমিতির সভাপতিসহ পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, জুলাই মাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে নিট পোশাক খাতে। আয়ের পরিমাণ ৭৯ কোটি ৮৬ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ২২ দশমিক ৫৫ শতাংশ বেশি। এর পরের অবস্থানেই রয়েছে ওভেন পোশাক খাত। পরিমাণের দিক থেকে দ্বিতীয় হলেও প্রবৃদ্ধির দিক থেকে নিট থেকেও ওভেন পোশাক খাতের অর্জন ভালো। এ খাতে আয় হয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ২৮ দশমিক ৬২ শতাংশ বেশি। তবে প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে ভালো অবস্থান চা রপ্তানিতে। জুলাইয়ের রপ্তানি প্রবৃদ্ধি ৭০০ শতাংশ। এর পরেই রয়েছে চামড়াজাত পণ্যের অবস্থান। আগের বারের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২৪ দশমিক ৪৮ শতাংশ।