জুড়ীতে সীমান্ত হাট স্থাপন নিয়ে বৈঠক
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সীমান্ত হাট স্থাপনের বিষয়ে গতকাল সোমবার বাংলাদেশ-ভারত যৌথ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার রাঘনা পঞ্চায়েত কার্যালয়ে এই বৈঠক হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুরে অনুষ্ঠিত বৈঠকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের এবং উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা হাকিম বিষুল রিয়ানজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেয়। বেলা তিনটা পর্যন্ত বৈঠক চলে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি এলাকায় সীমান্ত হাট স্থাপনের জন্য জায়গা নির্বাচন করা হয়েছে। বৈঠকে হাটের অবকাঠামো, দুই দেশের মানুষের চলাচলের জন্য খালের ওপর ছোট সেতু নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত হাটে দুই দেশের ২৫টি করে দোকান থাকবে। এসব দোকানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হবে। সপ্তাহে দুই দিন হাট বসবে।