জুড়ীর ডোমাবাড়ী কুটিরশিল্প পল্লিতে ঋণ দেওয়া হবে
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কুটিরশিল্পের বিকাশে ঋণ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ‘ডোমাবাড়ী কুটিরশিল্প পল্লি’ পরিদর্শনকালে এ আশ্বাস দিয়েছে।জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সম্প্রতি ডোমাবাড়ী বহুমুখী কুটিরশিল্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ও সম্পাদক সুনাম উদ্দিনের করা এক লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদলটিকে ওই গ্রামে পাঠানো হয়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের উপপরিচালক (এসএমই) ফজলুল হক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট কার্যালয়ের উপপরিচালক (কৃষিঋণ) মো. কমর উদ্দিন, কৃষি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোকুল চন্দ্র রায়, জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবদুর রউফ, সোনালী ব্যাংকের মৌলভীবাজার কার্যালয়ের জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁইয়া, পূবালী ব্যাংকের মৌলভীবাজার কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুন বখ্ত এবং অন্যান্য ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।এ ছাড়া স্থানীয় উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমাও এ সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামের ৬২টি পরিবার দীর্ঘদিন ধরে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের কুটিরশিল্পসামগ্রী তৈরির মাধ্যমে জীবিকানির্বাহ করে আসছে।’