জেড ক্যাটাগরিতে সিভিও, রহিমা ফুড ও মডার্ন ডাইং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, রহিমা ফুড ও মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড বিদ্যমান ক্যাটাগরি থেকে সবচেয়ে দুর্বল অর্থাত্ জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সিভিও পেট্রোকেমিক্যাল ও রহিমা ফুডকে বিদ্যমান ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আর মডার্ন ডাইংকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। স্টক এক্সচেঞ্জ লেনদেন নিষ্পত্তি আইন, ১৯৯৮-এর ৪ ধারা (সেটেলমেন্ট অব স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশনস রেগুলেশনস) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয় । প্রতিষ্ঠানগুলো ছয় মাসেরও অধিক সময় ধরে উত্পাদনে না থাকায় ডিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
ডিএসই সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ারের দাম ৭.০৮ শতাংশ বা ৬২.৪০ টাকা এবং রহিমা ফুডের শেয়ারের দাম ৯.৯২ শতাংশ বা ৮.৩০ টাকা বেড়ে যায়। তবে মডার্ন ডাইংয়ের শেয়ারের দাম কমে যায় ৫.০৪ শতাংশ বা ৫ টাকা।
এ দিকে সম্প্রতি এসব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিষয়টি ডিএসইর নজরে আসে। পরে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিগুলোর কারখানা পরিদর্শন করা হয়।