
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে দেশের রাস্তায় চলা বিভিন্ন ধরনের প্রায় ২৭ লাখ গাড়ির মধ্যে সাড়ে চার লাখই হচ্ছে জিপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি। এগুলোর বেশির ভাগ মালিকই পুরো গাড়ির বিমা করছেন না।
গাড়ির ক্ষেত্রে বরং তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) বিমা পলিসির প্রতিই বেশি আগ্রহ মালিকদের। অথচ প্রথম পক্ষ (ফার্স্ট পার্টি) বা কমপ্রিহেনসিভ বিমা পলিসি করা থাকলে যেকোনো কারণে দুর্ঘটনায় পড়লে ক্ষতিপূরণ বেশি পাওয়া যায়।
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) সূত্রে এসব কথা জানা গেছে।
গাড়ির জন্য কোম্পানিগুলোর সাধারণত প্রথম পক্ষ (কমপ্রিহেনসিভ বিমা) এবং তৃতীয় পক্ষ—এ দুই ধরনের বিমা পলিসি রয়েছে।
প্রথম পক্ষ পলিসির আওতায় কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে মালিককে ক্ষতিপূরণ দেয় বিমা কোম্পানি। এ ছাড়া গাড়ি চুরি, ছিনতাই, ভেঙে যাওয়া, ঘূর্ণিঝড়ে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণ পাওয়া যায়। শর্তে থাকলে গাড়ির চালক বা যাত্রীর শারীরিক ক্ষতি হলেও বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়। এ ধরনের পলিসিতে প্রিমিয়ামের পরিমাণ তুলনামূলক বেশি থাকে।
তৃতীয় পক্ষ পলিসিতে রাস্তায় চলতে গিয়ে একটি গাড়ি অন্য গাড়ির ক্ষতি করলে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে ক্ষতিপূরণ দেয়। এই পলিসিতে প্রিমিয়ামের পরিমাণ কম।
সরকারি সংস্থা সাধারণ বীমা করপোরেশনের বাইরে মোট ৪৫টি বেসরকারি সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানি রয়েছে দেশে। এগুলোতেই মোটর বা গাড়ি বিমা হয়ে থাকে। জানা গেছে, মালিকেরা কমপ্রিহেনসিভ বিমা করে থাকেন নতুন গাড়ির ক্ষেত্রে। আর ব্যাংক ঋণ নিয়ে কেউ নতুন গাড়ি কিনলে কমপ্রিহেনসিভ বিমা করতেই হয়।
অন্য অনেক পলিসির মতো গাড়ি পলিসির ক্ষেত্রেও উচ্চ কমিশনকে একটি বড় বাধা বলে মনে করা হয়। নন-লাইফ কোম্পানিগুলোকে ১৫ শতাংশের বেশি কমিশন দিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আইডিআরএ। কিন্তু কিছু কোম্পানি ৫০-৬০ শতাংশ কমিশনও দেয়।
রাশেদুন্নবী নামের এক ব্যবসায়ী বলেন, পুরোনো গাড়ির বিমা পলিসি কোম্পানিগুলো করতে চায় না। অবশ্য তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করে ইউনিয়ন ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নতুন-পুরোনো সব গাড়ির বিমা পলিসিই করা হয়। বেশি পুরোনো গাড়ি নিয়ে যদি কেউ বিমার আওতায় আসতে চান, সে ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণটাও বেশি হয়। কোম্পানিওয়ারি প্রিমিয়ামের পরিমাণ কম-বেশি হয় বলেও জানান তিনি।
আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘কমপ্রিহেনসিভ বিমা না থাকায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ পান না মালিকেরা। দুর্ঘটনার পর তাঁরা যখন আফসোস করেন, সেটা ভেবে আমার আফসোস লাগে।’
বিআইএর সভাপতি শেখ কবির হোসেনও তৃতীয় পক্ষ বিমা পলিসির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পক্ষে মত দেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এই পলিসিও মালিকেরা করছেন আইনি বাধ্যবাধকতার কারণে। নইলে গাড়ি রাস্তায় নামতে পারবে না।’
গাড়িমালিকদের কমপ্রিহেনসিভ পলিসির দিকে যাওয়ার পরামর্শ দিয়ে শেখ কবির বলেন, এতে মালিক ও বিমা কোম্পানি—উভয়েই লাভবান হবেন।