
রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের এক খেলাপি গ্রাহককে জেনেশুনে ৫৩ কোটি টাকা ঋণসুবিধা দিয়েছে রূপালী ব্যাংক। প্রতিষ্ঠানটিকে ঋণ না দিতে অগ্রণী ব্যাংক একাধিকবার অনুরোধ করলেও তা শোনেনি রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইচ্ছাতেই ওই গ্রাহকের ঋণ অনুমোদিত হয়েছে।
এ ক্ষেত্রে অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখার খেলাপি গ্রাহকপ্রতিষ্ঠানের নাম ছিল মায়ের দোয়া টেক্সটাইল মিলস কোম্পানি লিমিটেড। আর রূপালী ব্যাংক থেকে ঋণ নিতে স্থানীয় শাখায় হিসাব খোলা হয়েছে ডিজিটাল পেপার মিলস লিমিটেড নামে। অগ্রণী ও রূপালী ব্যাংকের বিশ্বস্ত সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান প্রথম আলোকে বলেন, ‘আমি যোগদানের অগেই এই ঋণ অনুমোদিত হয়েছে। বিষয়টা এখন নজরে এসেছে। কীভাবে এটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’
সূত্র জানায়, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখার গ্রাহকপ্রতিষ্ঠান মায়ের দোয়া টেক্সটাইল মিলস। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা সাড়ে ৯ কোটি টাকা; যা দীর্ঘদিন ধরে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত হয়ে আছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জানে আলম টুটুল ও ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দিন। এ ছাড়া পরিচালক হিসেবে আছেন মাহবুব আলম, দেলওয়ার হোসেন দুলাল, নজরুল ইসলাম ও হেলেনা বেগম। ওই ব্যাংক প্রতিষ্ঠানটির সঙ্গে দফায় দফায় আলোচনা করেও ঋণ আদায় করতে পারছে না।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো গ্রাহক খেলাপি হয়ে গেলে তার অন্য কোনো প্রতিষ্ঠানের নামেও ঋণ গ্রহণের সুযোগ নেই। এরপরও জানে আলম টুটুল, মো. শাহাবুদ্দিন ও দেলওয়ার হোসেনের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান ডিজিটাল পেপার মিলের প্রায় ৫৩ কোটি টাকা ঋণ অনুমোদন করে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা একাধিক দফায় ওই গ্রাহকপ্রতিষ্ঠানের বিপরীতে ঋণ অনুমোদন থেকে বিরত থাকার আহ্বান জানালেও তা শোনেনি রূপালী ব্যাংক। তবে গত বছরের পয়লা আগস্ট রূপালী ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক ডিজিটাল পেপারের পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ ও অবস্থা সম্পর্কে জানতে চান। অগ্রণী ব্যাংক গত বছরের ৪ আগস্ট বিস্তারিত তথ্য রূপালী ব্যাংকে পাঠায়।
খোঁজ নিয়ে জানা যায়, অগ্রণী ব্যাংকের চিঠির পরিপ্রেক্ষিতে রূপালী ব্যাংক ওই গ্রাহকপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পরিচালকদের অব্যাহতি দেওয়ার পরামর্শ দেয়। এর পরিপ্রেক্ষিতে জানে আলম, শাহাবুদ্দিন ও দেলওয়ার হোসেনকে অব্যাহতি দিতে গত বছরের ১৭ অক্টোবর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে আবেদন করে প্রতিষ্ঠানটি। মূলত ওই প্রতিষ্ঠানকে ঋণ প্রদান অব্যাহত রাখতেই কৌশলে খেলাপি গ্রাহকদের অব্যাহতি দেওয়া হয়। তবে এসব খেলাপি গ্রাহকের নিকটাত্মীয় ও প্রতিনিধিরা রয়ে গেছেন ডিজিটাল পেপারের পরিচালক হিসেবে। এরপর প্রতিষ্ঠানটিকে ঋণ প্রদান অব্যাহত রাখতে চায় রূপালী ব্যাংক।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে রূপালী ব্যাংককে দেওয়া এক চিঠিতে অগ্রণী ব্যাংক লিখেছে, ‘উক্ত প্রতিষ্ঠান হতে পরিচালকদের ইচ্ছাকৃতভাবে অব্যাহতি দেওয়া হয়েছে; যা ব্যাংকের নিয়মনীতির সম্পূর্ণ পরিপন্থী। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা উভয়েরই দায়িত্ব। উভয় প্রতিষ্ঠান সরকারি মালিকানাধীন ও জনগণের অর্থে ও স্বার্থে পরিচালিত। বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি অগ্রাহ্য করে অত্র ব্যাংক সরকারের স্বার্থ ক্ষুণ্ন করে রূপালী ব্যাংকের অনৈতিক ব্যাংকিং কার্যক্রমের ফলে খেলাপি ঋণ গ্রহীতারা ঋণ পরিশোধে আগ্রহ হারাবে।’ খেলাপি ঋণ আদায়ে রূপালী ব্যাংকের সহায়তা চেয়েছে অগ্রণী ব্যাংক।
যোগাযোগ করা হলে অগ্রণী ব্যাংকের ঋণ বিভাগের দায়িত্বে থাকা উপব্যবস্থাপনা পরিচালক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী প্রথম আলোকে বলেন, ‘মায়ের দোয়াকে দেওয়া ঋণ কোনোভাবেই আদায় করা যাচ্ছে না। ঋণটি আগে থেকেই খেলাপি হয়ে আছে। বিষয়টা আমরা রূপালী ব্যাংককে কয়েক দফায় জানিয়েছি।’