জেবিওর নতুন দাম স্থগিত, স্বস্তিতে পাটকল
জুট ব্যাচিং অয়েলের (জেবিও) দাম বাড়িয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কিন্তু শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবিতে দাম বাড়ানোর প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৩ মার্চ মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।
‘নতুন বিপদে পাটকল’ শিরোনামে একটি প্রতিবেদন গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত হয়। এতে জেবিওর দাম বাড়ানোয় পাটকলগুলো কতটা বিপাকে পড়বে তা তুলে ধরা হয়। দুদিন পরই এসআরওটি জারি করে মন্ত্রণালয়।
এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা বলেন, ‘জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা জেবিওর দাম বাড়িয়েছিলাম। কিন্তু এতে পাটকলমালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটাও সত্যি। তাঁরা যেন ক্ষতিগ্রস্ত না হন, আবার জনস্বাস্থ্যও যেন ঠিক থাকে—এমন একটা বিকল্প পন্থা বের করতেই মন্ত্রণালয় প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করেছে।’
দাম বাড়ানোর ক্ষেত্রে বিপিসির যুক্তি ছিল, দাম কম হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের সঙ্গে জেবিও মিশিয়ে বাজারজাত করছিল। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটি বন্ধ করতেই জেবিওর দাম বাড়ানো হয়েছে। তবে একে অযৌক্তিক বলেছেন পাটকলমালিকেরা। তাঁরা বলেছেন, জেবিও মেশালে সয়াবিনের তেলে কেরোসিনের গন্ধ আসবে। ফলে এটা কোনোভাবেই মেশানো হয় না।
এদিকে নতুন দাম স্থগিতের সিদ্ধান্তে খুশি পাটকলমালিকেরা। এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান হুমায়ুন খালেদ প্রথম আলোকে বলেন, ‘পাটকল চালাতে নতুন দামে কিছু জেবিও আমরা কিনেছিলাম। এখন যেহেতু সরকার ওই দাম বৃদ্ধিটা স্থগিত করেছে, আমরা আবার আগের দামে জেবিও কিনতে পারব। এতে আমাদের বাড়তি ব্যয় করতে হবে না। লোকসানও হবে না।’
জেবিওর দাম বাড়িয়ে গত ৪ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে বিপিসি। তাতে এ তেলের দাম বাড়িয়ে দেওয়া হয় ৪২ শতাংশ। আগে যেখানে জেবিওর দাম ছিল প্রতি লিটার ৬৮ টাকা, সেটা বেড়ে দাঁড়ায় ১১০ টাকায়।
এই জুট ব্যাচিং তেল শুধুই ব্যবহার করে দেশের পাটকলগুলো। পাটের আঁশ নরম করা এবং জট ছাড়ানোর কাজে এই তেল ব্যবহার হয়। ফলে দাম বাড়ানোর কারণে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে পাটকলগুলো। পাটকলমালিকদের হিসাব অনুযায়ী, দেশের পাটকলগুলোতে প্রতিবছর ১০ লাখ টনের বেশি পাটপণ্য উৎপাদিত হয়। এ জন্য প্রায় ৩০ হাজার টন জেবিওর চাহিদা রয়েছে।
পাটসুতাকল মালিকদের সংগঠন বিজেএসএর হিসাব অনুযায়ী, আগের দামে দেশের পাটকলগুলোতে প্রতিবছর জেবিও বাবদ ব্যয় হতো ২৩৫ কোটি টাকা। কিন্তু নতুন দামে জেবিও কিনতে হলে পাটকলগুলোকে ব্যয় করতে হবে ৩৮২ কোটি টাকা। এতে ব্যয় বাড়বে ১৪৭ কোটি টাকা।
বিজেএমসি বলছে, তাদের পাটকলগুলোতে প্রতি মাসে ১২ লাখ লিটার জেবিও লাগে। আগের মূল্যে এর দাম পড়ে ৮ কোটি ৫০ লাখ টাকা। বর্ধিত মূল্য থাকলে (স্থগিত করা হয়েছে) এই তেল কিনতে খরচ পড়ত ১৩ কোটি ৫০ লাখ টাকা। ফলে ব্যয় বাড়ত ৫ কোটি টাকা। বেসরকারি পাটকলগুলোর সংগঠন বিজেএমএ বলছে, জেবিওর বর্ধিত মূল্য থাকলে তাদের আওতাধীন পাটকলগুলোতে বছরে ২২ থেকে ২৫ কোটি টাকা বেশি ব্যয় করতে হতো।
দেশে ২৪৮টি পাটকল রয়েছে। এর মধ্যে বিজেএমসির ২৬টি, বেসরকারি ১২৫টি পাটকল ও ৯৭টি পাট-সুতাকল আছে।