জেলা চেম্বারের সঙ্গে ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু
দেশের ৬৪ জেলা চেম্বারের সঙ্গে ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এরই অংশ হিসেবে গতকাল বুধবার ছয়টি জেলা চেম্বারের সঙ্গে রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবন থেকে ভিডিও কনফারেন্স করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাকি চেম্বারগুলোর সঙ্গেও ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিদিনই জেলা চেম্বারগুলোর সমস্যা, শিল্প স্থাপনের উদ্যোগ ও তাদের প্রস্তুতি—এসব বিষয়ে সরাসরি আলাপ করা যাবে। সোনালী ও জনতা ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক এ উদ্যোগে সাড়া দিয়ে উদ্যোক্তাদের সব ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তারানা হালিম বলেন, সরকার জেলায় জেলায় কম্পিউটার-ইন্টারনেট পৌঁছে দিয়েছে। দেশের সব ডাকঘরে ই-কমার্স সেবা অন্তর্ভুক্ত করা হবে। সরকারের রাজস্ব বাড়াতে টেলিটককে ডাকঘরের একটি ফ্লোর দেওয়া হবে। এর বিনিময়ে টেলিটক ডাকঘরগুলোর আধুনিকায়ন করবে।
বিশেষ অতিথি জুনাইদ আহমেদ বলেন, দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনো নারীদের অংশগ্রহণ অনেক কম। তথ্যপ্রযুক্তি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। ২০১৮ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে নতুন ১০ লাখ কর্মসংস্থান এবং প্রতিবছর এক কোটি ইন্টারনেট গ্রাহক করার লক্ষ্য রয়েছে তাঁর মন্ত্রণালয়ের।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালকেরা উপস্থিত ছিলেন।