রাজস্ব আয় বাড়াতে চলতি ২০১০-১১ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।সে অনুযায়ী পুরোনো জেলা শহরে রাজস্ব বিভাগের জোনাল অফিস স্থাপনের পাশাপাশি নতুন জেলাগুলোয় কার্যালয় স্থাপন করা হবে। এ ছাড়া উপজেলা থেকে শুরু করে গ্রাম পর্যায়েও ব্যবসায়িক গুরুত্ব বিবেচনায় রেখে অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ঢাকা কর অঞ্চল-৩-এর অতিরিক্ত কর কমিশনার রেজাউল করিম চৌধুরী রাজবাড়ী চেম্বারের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। করদাতার সংখ্যা বৃদ্ধি করে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে নেওয়া দেশব্যাপী জরিপ কার্যক্রম ও করদানে উৎসাহিতকরণ কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী উপ-কর কমিশনারের কার্যালয় সম্প্রতি এ সভার আয়োজন করে।রাজবাড়ী চেম্বারের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-৩-এর যুগ্ম কর কমিশনার মো. সাইফুল হক ও রাজবাড়ী সার্কেলের উপ-কর কমিশনার জহুরুল হক ভূঁইয়া। এতে চেম্বারের সহসভাপতি মো. জাকির হোসেন, শামিরুল হোসেন ও নুরুল হক আলম, ব্যবসায়ী হেদায়েত আলী সোহরাব, অরুপ দত্ত, রইচ উদ্দিন, গণেশ মিত্র ও আব্দুস সালাম বক্তব্য দেন।রেজাউল করিম চৌধুরী বলেন, সারা দেশে করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি কর প্রদানের পদ্ধতিও সহজ করা হচ্ছে। এর ফলে কর প্রদানকারী জনগণ যেমন উপকৃত হবেন, তেমনি রাজস্ব আয় বেড়ে দেশও সমৃদ্ধ হবে। বদৌলতে সরকার বিদেশি অর্থের ওপর নির্ভরশীল না হয়ে দেশের অর্থ দিয়েই বড় বড় পরিকল্পনা গ্রহণ করতে পারবে।