জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে নাসিবের আগ্রহ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলা পর্যায়ে প্রদর্শন ও প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)। এ জন্য সংগঠনটি জেলা পর্যায়ে অবস্থিত বিসিক শিল্পনগরে জমি বরাদ্দের দাবি জানিয়েছে। সম্প্রতি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে নাসিবের নেতারা এসব দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে নাসিবের সভাপতি শেখ মো. আবদুস সোবহান, সহসভাপতি মোহাম্মদ আরফিন, আহসান কবীর, নাসিবের মহিলা বিভাগের সভাপতি তাসলিমা রুমি, কেন্দ্রীয় কমিটির সদস্য রুবিনা মুনির, লায়ন খান আখতারুজ্জামান, তাসলিমা সিদ্দিক রত্না, নাসিমা খান সীমাসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।বৈঠকে নাসিবের নেতারা বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে উৎপাদিত ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্যের পরিচিতি ঘটাতে আগামী মে মাসে নাসিবের উদ্যোগে বাংলাদেশে সার্ক এসএমই ফেয়ার আয়োজন করা হয়েছে। তারা এ মেলায় অংশ নেওয়া সার্ক নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন পণ্যের নির্ধারিত কর ধার্য করার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিল্পমন্ত্রী বলেন, দেশকে শিল্পায়িত করার জন্য মহাজোট সরকার প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জেলা পর্যায়ে বিসিক শিল্পনগরে প্রদর্শন ও প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি প্রাক-সম্ভাব্যতা যাচাই সমীক্ষা পরিচালনা করে প্রতিবেদন দাখিলের জন্য নাসিব নেতাদের পরামর্শ দেন।