জেলা পর্যায়ে বিএসটিআইয়ের অফিস সম্প্রসারণ করা হবে: দিলীপ বড়ুয়া

শিল্প উদ্যোক্তাদের সুবিধার্থে বিএসটিআইয়ের অফিস জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
আজ মঙ্গলবার ৪৪তম বিশ্ব মান দিবস উপলক্ষে ‘আন্তর্জাতিক মান ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করে’—শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে মান ভবন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ সভার আয়োজন করে।
দিলীপ বড়ুয়া বলেন, বিএসটিআইয়ের অফিস সম্প্রসারণের অংশ হিসেবে ইতিমধ্যে রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও কক্সবাজার জেলায় বিএসটিআইয়ের অফিস কাম ল্যাবরেটরি স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে অন্য জেলাতেও অফিস স্থাপন করা হবে।
বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক আবু আবদুল্লাহ, শিল্প উদ্যোক্তা মতিন চৌধুরী, মজিবুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পণ্যের মান পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হলে ভোক্তা পর্যায়ে মানসম্মত পণ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা কঠিন। তাঁরা মান পরীক্ষার ক্ষেত্রে সময় ক্ষেপণ করে কাউকে অন্যায়ের সুযোগ না দিতে বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএসটিআই সাড়ে তিন হাজার স্ট্যান্ডার্ডস (মান) নির্ধারণ করেছে। ইতিমধ্যে বিএসটিআইয়ের ফুড, সিমেন্ট, রড, মাইক্রোবায়োলজিসহ বেশ কিছু ল্যাবরেটরি ভারতে অ্যাক্রেডিটেশন সংস্থা এনএবিএলের স্বীকৃতি পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।