তৃণমূল নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছেন। কিন্তু সহজ শর্ত, স্বল্প সুদ ও বিনা জামানতে ঋণ না পাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলো তা বাস্তবায়ন করছে না। এ কারণে তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে স্বল্প সুদে ঋণ প্রাপ্তির নিশ্চয়তা ও ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা প্রয়োজন বলে অভিমত দিয়েছেন অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনিউর্স, বাংলাদেশের (এজিডব্লিউইবি) সভাপতি মৌসুমী ইসলাম। তিনি নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকসুদের হার ১০ শতাংশ থেকে এক সংখ্যায় (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার দাবি জানান। মৌসুমী ইসলাম বলেন, অনেক ক্ষেত্রেই নারীদের নাম ভাঙিয়ে পুরুষেরা ঋণ নেন। এটি বন্ধ করে প্রকৃত নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির বিষয়টি নিশ্চত করতে হবে। তবেই একসঙ্গে অনেক নারী উদ্যোক্তা ঋণ পাবেন এবং কাঙ্ক্ষিত ব্যবসায় নামতে পারবেন। সভাপতি আরও বলেন, অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো থেকে ঋণ পেতে জামানতকারী প্রয়োজন হয়। নিশ্চয়তাদানকারী ছাড়া নারী উদ্যোক্তারা ঋণ পান না। এটি বৈষম্যমূলক আচরণ। এটি যতক্ষণ পর্যন্ত দূর করা যাবে না, ততক্ষণ নারী ব্যবসায়ীদের পথ মসৃণ হবে না। তিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রদত্ত ঋণের সময় ঋণ প্রাপ্তির তিন ও ট্রেড ব্যবসার ক্ষেত্রে এক মাস পর পর্যন্ত করার দাবি জানান। মৌসুমী বলেন, ‘দেশের তৃণমূল নারী উদ্যোক্তাদের অধিকাংশেরই ব্যবসায়িক জ্ঞানের অভাব আছে। এ ঘাটতি মেটাতে আমরা সমিতির পক্ষ থেকে চেষ্টা করছি। তবে এ ক্ষেত্রে দেশের বৃহত্তম স্বার্থে সরকারকেও পদক্ষেপ নিতে হবে।’ আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের ব্যবসায়ের সাধারণ জ্ঞান, মূসক, পরিকল্পনা ও হিসাব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানান তিনি। সভাপতি বলেন, চলতি অর্থবছরের বাজেটে ৩৪টি জেলায় কম্পিউটার প্রশিক্ষণের কথা বলা হয়েছিল। কিন্তু এ বিষয়ে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা আরও বাড়ানোর জন্য আগামী বাজেটে প্রতিটি জেলায় কম্পিউটার প্রশিক্ষণের সঙ্গে ইংরেজি শিক্ষারব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নারী উদ্যোক্তাদের অনেকেই পণ্য উৎপাদনে দক্ষতা দেখালেও সঠিকভাবে বাজারজাত করতে পারেন না। অনেক সময় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রকৃত মুনাফা থেকে বঞ্চিত হন। এ জন্য জেলা পর্যায়ে নারী উদ্যোক্তা-সহায়ক ট্রেড সেন্টার চালু করার দাবি জানান সভাপতি মৌসুমী ইসলাম। যেখান থেকে তৃণমূল নারী উদ্যোক্তারা প্রয়োজনীয় সব তথ্য এবং সেবা গ্রহণ করতে পারবেন।