বাংলাদেশের বাস্তবতায় জেলা বাজেট প্রণয়নের চেষ্টা তেমন কার্যকর হবে না। জেলা পর্যায়ের আর্থসামাজিক উন্নয়ন না করে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা মুখ থুবড়ে পড়বে।রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আয়োজিত ‘বাজেট সংস্কার: অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গতকাল বুধবার এ কথা বলেন।মির্জ্জা আজিজ আরও বলেন, জেলা বাজেট প্রণয়নের আগে স্থানীয় সরকারব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবকাঠামো খাতের উন্নয়ন ঘটাতে হবে। ২০১১-১২ অর্থবছরে দেশের প্রতি বিভাগ থেকে একটি করে জেলায় হলেও জেলা বাজেট প্রণয়নের আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলতি ২০১০-১১ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপনকালে জাতীয় সংসদে যে ‘একীভূত বাজেট ও জেলা বাজেট’ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন অর্থমন্ত্রী, তাতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়েডা) প্রথমবারের মতো এ ধরনের নীতি-সম্পর্কিত সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আলোচনায় অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার চক্রবর্তী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউইয়র্ক সিটি অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) সহকারী পরিচালক ও অর্থনীতি বিভাগের প্রধান ইউসুফ হাবিবুর রহমান।যুক্তরাষ্ট্রের বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করার অভিজ্ঞতার আলোকে হাবিবুর রহমান বলেন, জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের বাজেট প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় সংস্কার প্রয়োজন। আর এ কাজ করতে হবে বাজেট সংস্কার কমিশনের মাধ্যমে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে বাজেট প্রস্তুত করতে হবে। তবে এ জন্য প্রয়োজন সরকারের দৃঢ় অঙ্গীকার।মির্জ্জা আজিজ বলেন, জেলা বাজেট করতে গেলে স্থানীয় সরকার ব্যবস্থায় নিজস্ব রাজস্ব আয়ের উৎস প্রয়োজন হবে। কিন্তু এতে জেলাগুলোর উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, স্বাভাবিক কারণেই চট্টগ্রাম জেলা বেশি রাজস্ব আয় করে থাকে। অন্য একটি জেলার উন্নয়নে এখানকার রাজস্ব ব্যয় করতে গেলে তখন চট্টগ্রামের ভেতর থেকে বিরোধিতা দেখা দিতে পারে। তারা বলতে পারে, ‘আমরা বেশি আয় করি, বেশি ব্যয় করব।’হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে বাজেট প্রণয়ন ব্যবস্থাপনায় অনিশ্চয়তা, কার্যক্রম তদারকির দুর্বলতা ও জবাবদিহির অভাব রয়েছে। কার্যকর বাজেট প্রণয়ন করতে হলে এসব বাধা দূর করতে হবে।