জেলা বাজেট প্রণয়ন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইক্যুইটিবিডির নেতৃত্বে অর্থমন্ত্রীর প্রতি জেলাভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে অধিকারভিত্তিক ১৪টি নাগরিক সংগঠন।গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। গত বছর জাতীয় সংসদে অর্থমন্ত্রী জেলাভিত্তিক বাজেট প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।আয়োজকেরা দাবি করেন, বর্তমান বাজেট প্রণয়নের প্রক্রিয়া ঔপনিবেশিক আমলের এবং এটি মারাত্মকভাবে কেন্দ্রীভূত। তাঁরা বলেন, রূপকল্প-২০২১ পূরণ করতে হলে জেলাভিত্তিক বাজেটের কোনো বিকল্প নেই। ইক্যুইটিবিডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।অর্পণ, অহীস, অনলাইন নলেজ সেন্টার, ইক্যুইটিবিডি, এসো, এসডিও, এমএবিএস, লিড ট্রাস্ট, প্রদীপ, বিএনএনআরসি, ভয়েস, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন ও সিরাক বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কৃষক ফোরামের স্বপন ভূঁইয়া, ভূমিহীন সমিতির সুবল সরকার, কৃষক ফেডারেশনের কালু মণ্ডল, সিরাক বাংলাদেশের এস এম সৈকত, লিড ট্রাস্টের ফিরোজ আহমেদ এবং ইক্যুইটিবিডির সোহেল ইকবাল ও রেজাউল করিম চৌধুরী।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজেট প্রণয়নের প্রক্রিয়ায় সাধারণ মানুষ, এমনকি রাজনৈতিক নেতাদেরও অংশগ্রহণ নেই। তাই জেলাপর্যায়ের লোকজনের পক্ষে এ ধরনের বাজেট তদারক করার কোনো উপায় নেই। এতে দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়।তাঁরা আরও বলেন, কেন্দ্রীভূত বাজেট আঞ্চলিক বৈষম্য বৃদ্ধির জন্য দায়ী। আর অর্থমন্ত্রী সাধারণ কৃষকের মতামত গ্রহণ করেন না, তিনি শুধু ব্যবসায়ী ও শহুরে কিছু এলিট শ্রেণীর ব্যক্তিদের মতামত নেন।