জেলা বাজেট প্রণয়নে কাঠামোগত সংশোধন দাবি করেছে সুপ্র
জেলা বাজেট প্রণয়নের জন্য বাজেটের কাঠামোগত সংশোধন প্রয়োজন। কারণ, এ দেশের বিদ্যমান আইনে বিকেন্দ্রীভূত অর্থনৈতিক কাঠামোর অনুমোদন নেই। এমন মন্তব্য সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র)।জেলা বাজেট প্রণয়নের কাঠামো কী হবে, তার রূপরেখা জনগণের কাছে উপস্থাপন করতে অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে বেসরকারি সংস্থাটি।রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সুপ্র। সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জেলা বাজেট নিয়ে অবস্থানপত্র তুলে ধরেন সুপ্রর সমন্বয়কারী কাজী শফিকুর রহমান। এতে বক্তব্য দেন সংস্থার চেয়ারপারসন মুস্তাফিজুর রহমান খান ও পরিচালক সামিয়া আহমেদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু রাজনৈতিক অবস্থান থেকে সুপ্র জেলা বাজেটের প্রতিশ্রুতি চায় না; বরং প্রকৃত অর্থে জেলা বাজেট প্রণয়ন ও তার বাস্তবায়ন চায়। সরকারকে অবশ্যই তৃণমূল মানুষের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে চাহিদাভিত্তিক জেলা বাজেট তৈরি করতে হবে। সে ক্ষেত্রে স্থানীয় সরকারব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।সুপ্রর প্রস্তাব হচ্ছে, জেলা বাজেটের ওপর ভিত্তি করে সরকার কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করবে।