জেলার বণিক সমিতিগুলোকে যথাযথ গুরুত্ব দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলার বণিক সমিতি বা ব্যবসায়ী চেম্বারগুলো অনেকটাই অবহেলিত। জেলার বিভিন্ন ধরনের কমিটিতে চেম্বারের সভাপতিরা সদস্য থাকেন। কিন্তু তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। তা ছাড়া অনেক ক্ষেত্রে কমিটির সদস্য হওয়ার পরও চেম্বারের সভাপতিদের অনেক বিষয়ে জানানো হয় না।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টসের সভায় সারা দেশ থেকে আসা চেম্বারের সভাপতিরা এসব ক্ষোভের কথা বলেছেন। এ সময় তাঁরা চেম্বারের সভাপতিদের যথাযথ মর্যাদা প্রদান ও বণিক সমিতিগুলোকে যথাযথভাবে কাজ করতে দেওয়ার দাবি করেন।রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে গতকাল শনিবার এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।সভায় জানানো হয়, সারা দেশে ৭৯টি জেলা ও বিভাগীয় চেম্বার রয়েছে। এসব চেম্বারের সভাপতিরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন ধরনের ৪০টি কমিটির সদস্য।সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘এখনো বেশ কিছু চেম্বারের জন্য অর্থের সংস্থান করতে পারিনি। এ বছরের জন্য আমরা সরকারের কাছে একটি বরাদ্দ চেয়েছি, সেটা পেলে আগামীতে আর অর্থ লাগবে না।’ এ কে আজাদ বাণিজ্য সংগঠন অধ্যাদেশ দ্রুত সংশোধন করার দাবি জানান।এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন বলেন, একেক জেলায় একেকভাবে উন্নয়নকাজ হচ্ছে। কোনো জেলায় দ্রুত হচ্ছে, কোনো জেলায় ধীরগতিতে হচ্ছে। কিন্তু চেম্বারগুলো যদি নিবিড়ভাবে কাজ করতে পারে তাহলে জেলার উন্নয়নকাজের এই বৈষম্য কমে যাবে।জসিম উদ্দিন আরও বলেন, কোন জেলায় কোন ধরনের শিল্পপ্রতিষ্ঠান আছে, কোন শিল্পের সুযোগ রয়েছে, কী পণ্যের চাহিদা আছে সেসব তথ্য চেম্বারগুলোতে নেই। তিনি এ রকম তথ্যভান্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী জেলা চেম্বার সভাপতিদের সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা এবং সচিবালয়ে ঢোকার পাস দেওয়ার দাবি করেন।কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ খান বলেন, ‘জেলা পর্যায়ের বিভিন্ন কমিটির সদস্য আমরা। কিন্তু আমাদের কিছু জানানোও হয় না।’মাসুদ পারভেজ অভিযোগ করেন, ১৯৯৪ সালে জারি হওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি আইনে বলা হয়েছে, জেলা পর্যায়ে কোনো মেলা হলে সে ক্ষেত্রে চেম্বার থেকে অনুমতি নিতে হবে। কিন্তু সেটা কেউ মানছে না। স্থানীয় সাংসদদের অনুমতি নিয়েই মেলা হচ্ছে। এতে চেম্বারগুলোর আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে। সভায় অন্তত ১০ জন চেম্বার সভাপতি একই মত দেন।সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি এ নিয়ে তৃতীয়বারের মতো সভাপতি হয়েছি। কিন্তু স্থানীয় পর্যায়ে চেম্বার সভাপতি হিসেবে আমাদের খুব বেশি একটা ডাকা হয় না।’ফারুক আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় যখনই কোনো পণ্যের দাম ঘোষণা করে, তখনই তার দাম বেড়ে যায়। এর কারণ হলো, মন্ত্রণালয়ের সঙ্গে এফবিসিসিআই এবং চেম্বারগুলোর কোনো সমন্বয় নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতি জেলায় খাদ্যভান্ডার গড়ে তোলার প্রস্তাব করেন তিনি।চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, ‘আমরা ব্যবসায়ীরা চাইলে অন্য পেশায় যেতে পারতাম। কিন্তু তা না করে ব্যবসা করছি, মানুষের সেবা করছি। আমাদের যদি মর্যাদা দেওয়া না হয় তাহলে মানুষের মর্যাদা দেওয়া হবে না।’বরিশাল চেম্বারের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, টিসিবির মধ্যেই সিন্ডিকেট আছে। নিম্নমানের পণ্য ডিলারদের দিচ্ছে। তাছাড়া ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম হচ্ছে।যশোর চেম্বারের সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদের পণ্য চুরি করে ফেলছে। বন্দর থেকে আমাদের ২৫ শতাংশ পর্যন্ত পণ্য খোয়া যাচ্ছে। এ কারণে অনেক ব্যবসায়ীই এখন সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে পণ্য পরিবহন করছেন।’চূয়াডাঙ্গা চেম্বারের সভাপতি হাবিবুর রহমান বলেন, অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ করতে হবে।সভায় এফবিসিসিআইয়ের সদস্য হওয়ার পরও সংগঠনের সাধারণ পরিষদে প্রতিনিধিত্ব করার সুযোগ না রাখায় ক্ষোভ প্রকাশ করেন যৌথ চেম্বারের সভাপতিরা। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং ইতালি-বাংলাদেশ চেম্বারের সহসভাপতি গোলাম মোস্তফা এ বিষয়ে বক্তব্য দেন।সভার প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, দেশের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ব্যবসায়ীদের মর্যাদা দেওয়ার বিষয়টি নেই। প্রস্তাব পেলে সরকার বিষয়টি ভেবে দেখবে।বিভিন্ন জেলা চেম্বারের সভাপতিদের ঢাকায় সচিবালয়ে ঢোকার পাস পাওয়ার যৌক্তিকতা আছে বলেও মন্তব্য করেন।