জেলা-উপজেলায় করমেলাই বেশি ফলপ্রসূ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আবদুল মজিদ
মোহাম্মদ আবদুল মজিদ

দেশের কর–রাজস্ব পরিস্থিতি এবং কর প্রশাসনের দক্ষতা বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ
প্রথম আলো: প্রতিবছর জাতীয় আয়কর দিবসের আয়োজন করা হয়। এটা কতটা ফলপ্রসূ হয়?
মোহাম্মদ আবদুল মজিদ: বাংলাদেশে কর-জিডিপি অনুপাত বেশ কম। মোট দেশজ উৎপাদনের মাত্র ৯ দশমিক ৩ শতাংশ। অথচ দেশে বিপুলসংখ্যক লোক রয়েছেন, যাঁদের কর দেওয়ার সামর্থ্য রয়েছে। কিন্তু তাঁরা হয়রানির ভয়ে কিংবা প্রক্রিয়াগত জটিলতার কারণে ঠিকমতো কর দিতে চান না। আবার এনবিআরের পক্ষে তাঁদের কাছ থেকে সহজ উপায়ে কর আদায়ের ব্যবস্থা নেওয়া হয় না। এমন অবস্থায় আমি এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ২০০৮ সালে প্রথম জাতীয় আয়কর দিবস অনুষ্ঠানের উদ্যোগ নিলাম, যা তৎকালীন মন্ত্রিপরিষদ অনুমোদন করে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারও বিশেষ আগ্রহ ছিল এ বিষয়ে। শেষ পর্যন্ত ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করা হয়। দিবসটি যাতে উৎসবমুখর হয়, সে জন্য বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় ও জেলা পর্যায়ের সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় ধরে করদাতাদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সম্মাননা দেওয়ার উদ্দেশ্য হলো, জাতীয় পর্যায় তো বটেই, জেলা পর্যায়ের করদাতারা যাতে নিজেদের সম্মানিত ব্যক্তি মনে করেন। সামর্থ্যবান ব্যক্তিদের কর দেওয়া যে একটি দায়িত্ব, সে বিষয়েও জনগণকে সচেতন করার উদ্দেশ্য ছিল। দেখা গেছে, এ ধরনের সম্মাননা পেয়ে জেলা পর্যায়ে করদাতাদের সামাজিক মানমর্যাদা বেড়ে গিয়েছিল। মূলত সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল করদাতাদেরই এ ধরনের পুরস্কারের জন্য বিবেচনায় আনা হয়েছিল। আবার ২০০৮ সাল থেকেই করমেলার আয়োজন শুরু হয়। তবে বড় বড় শহরের চেয়ে জেলা-উপজেলা পর্যায়ে এ মেলা আয়োজন বেশি ফলপ্রসূ। কারণ, বড় শহরে এমনিতেই করদাতা রয়েছেন। মেলা হলে সেখানে তাঁরাই আসবেন, নতুন করদাতা খুব বেশি আসবেন না। তবে উপজেলা পর্যায়ে বা ‘গ্রোথ সেন্টারে’ মেলার আয়োজন করলে নতুন নতুন করদাতা চিহ্নিত করা যাবে। করের বিস্তৃতি বাড়বে।

প্রথম আলো: উপজেলা বা প্রান্তিক পর্যায়ে করদাতা কীভাবে চিহ্নিত করা সম্ভব?

আবদুল মজিদ: করের ভিত্তি প্রসারিত করতে হবে। এটাই প্রত্যক্ষ কর বৃদ্ধির মৌলিক উপায়। বাংলাদেশে অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অনেক গ্রোথ সেন্টার তৈরি হয়েছে। উপজেলা পর্যায়েও করযোগ্য বা কর প্রদানে সামর্থ্যবান অনেক ব্যক্তি রয়েছেন। এসব ব্যক্তিকে চিহ্নিত করা খুব বেশি কঠিন কাজ নয়। খুব সহজেই একটি প্রশাসনিক আদেশে এটা করা সম্ভব। যেমন, দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে ওই এলাকার প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, ঠিকাদার, ব্যবসায়ীদের তালিকা আনা যায়। এরপর সেই তালিকা ধরে সামর্থ্যবান করদাতা চিহ্নিত করা সম্ভব। মাঠপর্যায় থেকেও তালিকা সংগ্রহ করা সম্ভব। এরপর তাঁদের কর শনাক্তকারী নম্বর (টিআইএন) নেওয়ার জন্য চিঠি দেওয়া যেতে পারে। এভাবে উপজেলা পর্যায়ে এসব সামর্থ্যবান ব্যক্তিকে করজালে আনতে পারলে করের ভিত্তি আরও বিস্তৃত হবে।

প্রথম আলো: অনেক বছর আগেই কর ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখনো পুরোপুরি তা হয়নি কেন? 

আবদুল মজিদ: তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে করদাতাকে সহজে ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে করসেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। করদাতা ও কর আদায়কারীর মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ করে দেওয়া হলে হয়রানি ও ভুল-বোঝাবুঝি কম হবে। নব্বইয়ের দশকের শুরু থেকে এ পর্যন্ত স্বয়ংক্রিয় কর-ব্যবস্থা চালুর জন্য ১০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু কোনোটিই পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এসব প্রকল্পের সবগুলোতে শিরোনাম ছিল ডিজিটাইজড, কম্পিউটারাইজ, অটোমেশন ইত্যাদি। একবার একটি প্রকল্প নেওয়া হয়েছিল, শুল্কব্যবস্থায় স্বয়ংক্রিয় করার জন্য একটি সফটওয়্যার কেনা হবে। আমি দায়িত্ব পাওয়ার পর সেই সফটওয়্যারটির খোঁজ নিলাম। তৎকালীন প্রকল্প পরিচালক জানালেন, সফটওয়্যারটি তাঁর ল্যাপটপে রয়েছে। অথচ তখন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। যদি সফটওয়্যার কেনার জন্য প্রকল্প নেওয়া হয়, আর সেই সফটওয়্যার যদি চালু না করে প্রকল্প পরিচালকের ল্যাপটপে থাকে, তাহলে স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা কীভাবে সম্ভব হবে? মূলত এসব প্রকল্প নেওয়া হয় দাতা দেশ ও সংস্থার টাকায়। প্রকল্প শেষ হয়ে গেলেও এর আর মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হয় না। কয়েক বছর আগে ঘটা করে চট্টগ্রাম কাস্টম হাউসের অটোমেশন উদ্বোধন করা হয়। কিন্তু এখনো কাস্টম হাউসে পূর্ণাঙ্গভাবে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হয়নি। অবশ্য সম্প্রতি স্বয়ংক্রিয় পদ্ধতি বা অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা চালু করা হয়েছে। অনলাইনে টিআইএন নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এটা ভালো। এতে ভুয়া টিআইএনধারী থাকবে না। তবে এ ব্যবস্থাটি সহজে ব্যবহারের উপযোগী করতে হবে। আয়কর বিবরণী ফরম আরও সহজ করতে হবে। 

প্রথম আলো: চলতি ২০১৪-১৫ অর্থবছরে এনবিআরের কর আদায়ের লক্ষ্যমাত্রা হলো প্রায় দেড় লাখ কোটি টাকা। এই বিশাল লক্ষ্য নির্ধারণ কতটা যৌক্তিক?

আবদুল মজিদ: অর্থনীতির যে সক্ষমতা রয়েছে, তাতে যে লক্ষ্য দেওয়া হয়েছে, তার চেয়ে ৫০ শতাংশ বাড়তি রাজস্ব আদায় করা সম্ভব। সেই হিসাবে এই অর্থনীতি থেকে বছরে সোয়া দুই লাখ কোটি টাকার রাজস্ব আহরণের সুযোগ রয়েছে। এ জন্য তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। লোকবল বাড়াতে হবে। উদাহরণ দিয়ে বলা যায়, এনবিআরের শীর্ষ পর্যায় থেকেই বলা হয়, দেশে দেড় লাখ বাড়িওয়ালা কর দেন না। কিন্তু এনবিআরের দায়িত্ব ছিল এসব করদাতার কাছ কর আদায় করা। তার মানে এনবিআর এত দিন সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। তাহলে তারা কি খবরদারি করেছে? তাদের আত্মবিশ্লেষণের মাধ্যমেই দুর্বলতা ধরা পড়ে।

সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ