জেলের জালে ইলিশ ভোলার মানুষ তাই বিপণিবিতানমুখী
কয়েক দিন আগেও সন্তানদের জন্য ঈদে কাপড় কিনতে পারা যাবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ভোলার জেলেরা। সে কারণে তখন পর্যন্ত ভোলায় ঈদের কেনাকাটা জমে উঠছিল না।তবে মধ্য রোজায় জালে ইলিশ আটকানোর পর থেকেই পাল্টে গেছে ভোলার বিপণিবিতানগুলোর চেহারা। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এখন চলছে কেনাকাটা।ভোলার প্রাণকেন্দ্রে বঙ্গবাজার, এম হক সুপার মার্কেট, চকবাজার ও জিয়া সুপার মার্কেটের অবস্থান। পাশেই আছে পাদুকার মার্কেট। এখানে মূলত গরিব, নিম্ন ও মধ্যবিত্তরা কেনাকাটা করেন। কিন্তু এ বছর নদীতে মাছ না থাকায় এসব মার্কেটে ক্রেতার তেমন ভিড় ছিল না। ১০ রোজার পর নদীতে ইলিশ পড়তে শুরু করলেও ভোলার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চাঙা হতে থাকে। একাধিক এলাকার বিপণিবিতান ঘুরে ঈদের কেনাকাটার জন্য ক্রেতার উপচে পড়া ভিড় দেখা যায়। এর বেশির ভাগই মেঘনা-তেঁতুলিয়া আর ইলিশা নদীর পার থেকে আসা।বিক্রেতারা বলছেন, এবার ‘ঝিলিক’ নামের পোশাকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। দাম হাজারের ওপরে। সুতি শাড়ি ২০০ থেকে ২৫০, থ্রি-পিস ৫০০ থেকে এক হাজার ২০০, সালোয়ার-কামিজ ১০০ থেকে ১৫০, শিশুদের পোশাক ২০০ থেকে ৩০০, চামড়ার পাদুকা ২০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।ফাহিমা আক্তার নামের এক ক্রেতা অভিযোগ করেন, ‘ঝিলিক’ নামে যে পোশাকটি বাজারে এসেছে তা খুবই সাধারণ মানের। কিন্তু দাম এক হাজার টাকা। ক্রেতাদের অভিযোগ, দুই বছরে পোশাকের দাম ১০ গুণ হয়েছে। কে জাহান শপিং কমপ্লেক্স, জাহাঙ্গীর প্লাজা, এফ আই চৌধুরী প্লাজা, তালুকদার ভবন, গিফট কর্নার, আমেনা প্লাজাসহ অভিজাত মার্কেটগুলোতে পোশাকের দাম আকাশছোঁয়া।