জোর দিতে হবে আয়কর আদায়ে, ভ্যাটে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের রাজস্ব আয় বাড়াতে আয়করের মতো প্রত্যক্ষ কর বাড়ানোর ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদ আবুল বারকাত। তাঁর মতে, মূল্য সংযোজন কর বা ভ্যাটের মতো পরোক্ষ কর অর্থনীতিতে বৈষম্য বাড়ায়। ভ্যাট হার কত হওয়া উচিত, সেটি নিয়ে তাই খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুষ্ঠানে গতকাল রোববার এসব কথা বলেন তিনি।

রাজধানীর ইস্কাটনে অর্থনীতি সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষে তৃতীয়বারের মতো বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেন আবুল বারকাত। অনুষ্ঠানে অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারের নতুন ভ্যাট আইন সম্পর্কে আবুল বারকাত বলেন, ‘সরকারের রাজস্ব আহরণের প্রধান উৎস হলো কর ও শুল্ক। আমরা প্রত্যক্ষ কর বাড়ানোর পক্ষে। পরোক্ষ কর থাকবে কিন্তু সেটি আলোচনার মূল বিষয়বস্তু হয়ে যাবে, এটা ঠিক না।’

অনুষ্ঠানে জানানো হয়, আগামী অর্থবছরের (২০১৭-১৮) জন্য অর্থনীতি সমিতির বিকল্প বাজেটের আকার ৯ লাখ ১৪ হাজার ৭৮৯ কোটি টাকা। এই বাজেটের ৭৯ শতাংশ বা ৭ লাখ ২৫ হাজার কোটি টাকা আসবে রাজস্ব আয় থেকে। বাকি ২১ শতাংশের জোগান আসবে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্ব, বন্ড, সঞ্চয়পত্র ও দেশীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে। এই বাজেটে উন্নয়ন খাতে ৫৫ শতাংশ আর অনুন্নয়ন খাতে ৪৫ শতাংশ অর্থ খরচ করা হবে। সরকার ঘোষিত বর্তমান বাজেটে উন্নয়ন খাতে ২৪ শতাংশ আর অনুন্নয়ন খাতে ৭৬ শতাংশ অর্থ খরচ করা হয়।

অর্থনীতি সমিতির প্রস্তাবিত বিকল্প বাজেটের রাজস্ব আয়ের ৬৮ শতাংশ বা ৪ লাখ ৯৩ হাজার কোটি টাকা আসবে প্রত্যক্ষ কর হিসেবে। আর ২ লাখ ৩২ হাজার কোটি টাকা আসবে ভ্যাটের মতো পরোক্ষ উৎস থেকে। গত অর্থবছরের মূল বাজেটে মোট রাজস্ব আয়ের ৪৭ শতাংশ ছিল প্রত্যক্ষ কর আর ৫৩ শতাংশ ছিল পরোক্ষ কর।

অর্থনীতি সমিতির প্রস্তাবিত বাজেটে সরকারের আয় বাড়াতে ২১টি নতুন উৎস বের করা হয়েছে। এসব উৎসের মধ্যে রয়েছে অর্থ পাচার ঠেকিয়ে ২৫ হাজার কোটি টাকা এবং কালোটাকা উদ্ধার থেকে ২০ হাজার কোটি টাকা আয় বাড়ানোর প্রস্তাব। নতুন ২১টি উৎসের মধ্যে ১৯টি উৎস থেকে সরকারের আয় হতে পারে ১ লাখ ৩ হাজার কোটি টাকা, যা বাজেটের মোট রাজস্ব আয়ের ১৪ শতাংশ।

আবুল বারকাত বলেন, ভ্যাট ও কর আদায়ে কাঠামোগত পরিবর্তন অত্যন্ত জরুরি। ভ্যাট আদায়ে সেবা খাত ও পণ্য খাতের অংশীদারত্ব বাড়ালে সার্বিক রাজস্ব আয় বাড়বে। এ বিষয়ে বড় ধরনের গবেষণার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের তুলনায় প্রকৃত ভ্যাট আদায় অনেক কম বলে সমালোচনা করেন আবুল বারকাত। এ বিষয়ে বাজেট প্রস্তাবনায় তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ভ্যাট লাইসেন্সধারীর সংখ্যা ৮ লাখ ৪০ হাজার। কিন্তু বর্তমানে মাত্র ৩২ হাজার বা ৪ শতাংশ লাইসেন্সধারী ভ্যাট দেন, এটি জাতির সঙ্গে প্রতারণা। প্রকৃত ভ্যাট আদায়ের সংখ্যা পর্যায়ক্রমে ৫০ শতাংশে উন্নীত করতে হবে। এটি করা সম্ভব হলে ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে নামিয়ে আনা সম্ভব।

ব্যক্তিপর্যায়ে বড় অঙ্কের করদাতার সংখ্যা খুবই কম উল্লেখ করে তা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনায়। এ প্রসঙ্গে বলা হয়েছে, মাত্র ৪৬ জন ব্যক্তি বছরে ১ কোটি টাকা বা তার বেশি আয়কর দেন। বছরে কমপক্ষে ১ কোটি টাকা বা তার বেশি কর দেওয়া লোকের সংখ্যা হওয়া উচিত কমপক্ষে ৫০ হাজার। একইভাবে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) লোকের তুলনায় করদাতা বাড়াতেও পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশে গত তিন দশকে দরিদ্র লোকের সংখ্যা ও ধনী-গরিবের সম্পদের ব্যবধান প্রকৃত অর্থে বেড়েছে বলে দাবি করেন আবুল বারকাত। তিনি বলেন, সরকারি পরিসংখ্যান যা-ই বলুক না কেন, গত ৩০ বছরে দরিদ্র মানুষের নিরঙ্কুশ সংখ্যা বেড়েছে ৪ কোটি ৫৫ লাখ। বিপরীতে অতি ধনীর সংখ্যা গত ২৫ বছরে কমেছে, কিন্তু তাঁদের কাছে পুঞ্জীভূত সম্পদের পরিমাণ বেড়েছে। তাঁরা সম্পদ তৈরি করে ধনী হননি, লুণ্ঠন, দখল, জোর-জবরদস্তির মাধ্যমে ধনী হয়েছেন।