জোরালো হয়নি প্রবৃদ্ধির গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান খাতগুলোর প্রবৃদ্ধির প্রবণতা: ২০১৩–১৪
প্রধান খাতগুলোর প্রবৃদ্ধির প্রবণতা: ২০১৩–১৪

যাবতীয় পূর্বাভাস ছাপিয়ে শেষ পর্যন্ত চলতি ২০১৩-১৪ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রাথমিকভাবে ৬ দশমিক ১২ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো৷ তবে এটি সরকারের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২০ শতাংশ হারের চেয়ে অনেক নিচে৷
মূলত শিল্পোৎপাদনের গতি ধরে রাখতে না পারার প্রভাবে প্রবৃদ্ধির গতি জোরালো হতে পারেনি৷ গত অর্থবছরে যে গতিতে শিল্পোৎপাদন হয়েছে, চলতি অর্থবছরে সেই গতিতে হয়নি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রাথমিকভাবে হিসাব করে দেখেছে, চলতি অর্থবছরে বড়, মাঝারি ও ছোট শিল্পকারখানার উৎপাদনের প্রবৃদ্ধি ৮ দশমিক ৬৮ শতাংশ হবে। গত অর্থবছরে এই খাতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৩১ শতাংশ।
আবার বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদের উৎপাদন ও সেবায় প্রবৃদ্ধি কমেছে। বিবিএসের সাময়িক হিসাবে চলতি অর্থবছরে এই খাতে প্রবৃদ্ধি হচ্ছে ৭ দশমিক ৪০ শতাংশ। গত অর্থবছরে ছিল ৮ দশমিক ৯৯ শতাংশ।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গণনার জন্য ১৫টি খাতের মধ্যে উল্লিখিত দুটি খাতেই প্রবৃদ্ধি কমেছে। এই দুটি বড় খাতের প্রবৃদ্ধির ধারা বজায় না থাকায় প্রভাব পড়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ওপর। অর্থমন্ত্রী জিডিপি প্রবৃদ্ধির যে আকাঙ্ক্ষা করেছিলেন, তা অর্জিত হয়নি।
মূলত চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) রাজনৈতিক অস্থিরতা; বিশেষ করে হরতাল, অবরোধসহ সহিংস কর্মসূচির কারণে শিল্প কারখানায় উৎপাদন বন্ধ ছিল। ফলে কাঙ্ক্ষিত উৎপাদনও হয়নি। হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে সেবা খাতও ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের হিসাবে, ২০১৩ সালে ৬৫ দিন হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি পালিত হয়েছে। এর বেশির ভাগটাই জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে হয়েছে৷
অবশ্য জিডিপির ১৫টি খাতের মধ্যে ১৩ খাত আগের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করলেও প্রধান খাতগুলোর মধ্যে একমাত্র কৃষির প্রবৃদ্ধি সবচেয়ে বেশি বেড়েছে৷
কৃষি; মৎস্য; খনিজ ও খনন; শিল্পোৎপাদন; বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ; নির্মাণ; খুচরা ও পাইকারি বিপণন; হোটেল ও রেস্তোরাঁ; পরিবহন; আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা; আবাসন, ভাড়া ও অন্য সেবা; লোকপ্রশাসন ও প্রতিরক্ষা; শিক্ষা; স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং গোষ্ঠীবদ্ধ, সামাজিক ও ব্যক্তিগত সেবা—এই ১৫টি খাত নিয়ে জিডিপি গণনা করা হয়। এসব খাতের উৎপাদন থেকে প্রান্তিক ভোক্তা পর্যন্ত প্রতিটি স্তরে মূল্য সংযোজনকে হিসাব করেই জিডিপি নির্ণয় করা হয়।
বিবিএস সূত্রে জানা গেছে, জিডিপির মোট ৫২ শতাংশই আসে সেবা সৃষ্টিকারী খাতগুলো থেকে।
বিবিএসের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে চলতিমূল্যে জিডিপি আকার দাঁড়িয়েছে ১৩ লাখ ৫০ হাজার ৯২০ কোটি টাকা (প্রায় ১৭ হাজার ৩২০ কোটি বা ১৭৩ বিলিয়ন ডলার। গড়ে প্রতি ডলার সমান ৭৭ টাকা ধরে)৷
এর মানে হলো, গত জুলাই থেকে আগামী জুন মাস পর্যন্ত বাংলাদেশে কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে উল্লিখিত পরিমাণ পণ্য উৎপাদন করবে এবং সেবা সৃষ্টি করবে। আলোচ্য সময়ে এটা তাঁদের সেবা ও উৎপাদন ক্ষমতার আর্থিক মূল্য। আগের অর্থবছরে অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে তাঁরা ১১ লাখ ৯৮ হাজার ৯২৩ কোটি টাকার (১৫ হাজার ৫৭০ কোটি বা ১৫৫ বিলিয়ন ডলার) পণ্য উৎপাদন করেছে এবং সেবা সৃষ্টি করেছে।
চূড়ান্ত প্রবৃদ্ধি সব সময়ই কমে: প্রতিবছর বাজেট ঘোষণার সময় বিদায়ী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির সাময়িক হিসাব দেওয়া হয়। তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) উৎপাদন ও সেবা সৃষ্টির গতিধারা বিবেচনায় এনে বিবিএস ওই অর্থবছরের প্রবৃদ্ধির একটি সাময়িক হিসাব প্রস্তুত করে থাকে। পরের বছর বাজেটে ঘোষণার সময় চূড়ান্ত হিসাব দেওয়া হয়।
তবে প্রতিবছরই এই সাময়িক ও চূড়ান্ত হিসাবের মধ্যে ব্যবধান থাকে। আর প্রায় প্রতিবারই চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার সাময়িক হিসাব থেকে কমে যায়। বাজেট ঘোষণার সময় প্রবৃদ্ধি বেশি দেখানোর রাজনৈতিক অভিলাষ থেকে সাময়িক হিসাব কিছুটা বেশি হয়৷
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে সাময়িকভাবে হিসাব করে বিবিএস বলেছিল, ২০১২-১৩ অর্থবছরের প্রবৃদ্ধি ৬ দশমিক ১৮ শতাংশ হবে। কিন্তু এখন চূড়ান্ত হিসাবে দেখা গেছে, ওই অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ০১ শতাংশ। আবার সে হিসেবে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির সাময়িক হার বেড়েছে৷