জৌলুশ হারিয়েছে খাতুনগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোগ্যপণ্য আমদানির জন্য ২০১০ সালে চট্টগ্রামের মোস্তফা গ্রুপকে ৫০ কোটি টাকা ঋণ দেয় উত্তরা ব্যাংক খাতুনগঞ্জ শাখা। ঋণটি পরে খেলাপি হয়ে যায়। তাতে ব্যাংকের খাতুনগঞ্জ শাখাটিও লোকসানে চলে যায়। তিন বছর সময় লাগে এ লোকসান কাটাতে। ব্যাংকের পক্ষ থেকে অনেক চেষ্টা-তদবির করে সেই ঋণটি এখন পুনঃতফসিল করা হয়েছে। এরপর থেকে ঋণ বিতরণে সতর্ক ব্যাংকের এই শাখা।
২০০৯ থেকে ২০১২ সালে মারিন ভেজিটেবল, নুরজাহান সুপার অয়েলসহ চারটি প্রতিষ্ঠানকে ভোগ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা। কিন্তু সেসব প্রতিষ্ঠান ঋণের টাকা ফেরত দেয়নি। শেষ পর্যন্ত চার প্রতিষ্ঠানের কাছে আটকে পড়া ৮৪০ কোটি টাকার ঋণ আদায়ে প্রতিষ্ঠানগুলোর সম্পত্তিও নিলামে তোলা হয়। সেই ঘটনার পর থেকে গত দুই বছরে ভোগ্যপণ্য আমদানিতে নতুন অর্থায়ন বন্ধ রেখেছে ন্যাশনাল ব্যাংকের এই খাতুনগঞ্জ শাখা। বিপুল খেলাপি ঋণের চাপে শাখাটি এখন লোকসানে।
লোকসান কাটাতে ঋণগ্রহীতাদের পেছনে ছুটছে চট্টগ্রামের ব্যাংকগুলো। আর ভোগ্যপণ্যের বাজার থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছে ঋণগ্রহীতা এসব প্রতিষ্ঠান। খাতুনগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, আমদানিকারক ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ-ছয় বছরে খাতুনগঞ্জ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে বড় ও মাঝারি পর্যায়ের প্রায় ২০টি আমদানিকারক প্রতিষ্ঠান। একসময় এসব প্রতিষ্ঠান খাতুনগঞ্জ তথা দেশের ভোগ্যপণ্য আমদানি বাজারের বড় অংশীদার ছিল।
মোস্তফা, নুরজাহান ছাড়াও ভোগ্যপণ্যের বাজার থেকে ব্যবসা অনেকটা গুটিয়ে নেওয়া প্রতিষ্ঠানের তালিকায় আরও আছে এমইবি গ্রুপ, ইমাম গ্রুপ, ইয়াসির গ্রুপ, এ জামান অ্যান্ড ব্রাদার্সসহ আরও অনেক প্রতিষ্ঠান। ভোগ্যপণ্যের বাজার থেকে এ রকম বড় আমদানিকারকদের ছিটকে পড়ার জন্য ‘অসম প্রতিযোগিতা’ এবং ব্যাংকের বাছবিচার ছাড়া অর্থায়নকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিষ্ঠানের সামর্থ্যকে বিবেচনায় নেয়নি। এর ফলে প্রতিষ্ঠানগুলো যেমন ডুবেছে, তেমনি সংকটে ব্যাংকও। আর এখনো এর রেশ বয়ে বেড়াচ্ছেন খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারকেরা। সেই সঙ্গে মলিন হয়ে গেছে খাতুনগঞ্জের জৌলুশ।
গত সপ্তাহের একাধিক দিন খাতুনগঞ্জ পরিদর্শন করে একসময়কার জমজমাট এই বাণিজ্যকেন্দ্রটির জৌলুশহীন রূপ চোখে পড়ে। পণ্যবোঝাই ট্রাকের সংখ্যা দেখা গেছে কম। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের হাঁক-ডাক নেই। পাইকারি ব্যবসায়ীরা টেবিলের ওপর বাটিতে পণ্যের নমুনা নিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতার দেখা মিলছে খুব কম। গুদামে থাকা পণ্যের সরবরাহ আদেশের কাগজ নিয়ে দর-কষাকষি করতে দেখা যায় না ব্রোকারদের। কুশলাদি জানতে চাইতেই ব্যবসায়ীরা বলে উঠছেন—ব্যবসা ভালো নেই।
ভোগ্যপণ্য আমদানিকারক ও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক তারিক আহমেদ প্রথম আলোকে বলেন, গত ১০ বছরের ব্যবধানে খাতুনগঞ্জের ৪০ থেকে ৫০ শতাংশ ব্যবসা কমে গেছে। খাতুনগঞ্জের এই ব্যবসার বড় অংশই চলে গেছে ঢাকার মৌলভীবাজারে। তিনি আরও বলেন, একসময় খাতুনগঞ্জ থেকে সয়াবিন, পাম তেল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে যেত। এখন আর সেটি হয় না। খাতুনগঞ্জের বাজার এখন সীমিত হয়ে পড়েছে বৃহত্তর চট্টগ্রাম ও তার আশপাশের এলাকায়।
চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের সাম্প্রতিক তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বন্দর দিয়ে আমদানি হওয়া ভোগ্যপণ্যের ৪০ থেকে ৪৩ শতাংশ চট্টগ্রামের ব্যবসায়ীরা আমদানি করেন। এর বাইরে ঢাকা, যশোর ও খুলনার ব্যবসায়ীরা করেন বাকি ৫৭ থেকে ৬০ শতাংশ। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, প্রায় ২০ বছর আগে ভোগ্যপণ্যের ৮০ শতাংশ বাজার ছিল খাতুনগঞ্জের দখলে। এখন তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বাজার ছড়িয়ে-ছিটিয়ে পড়া ছাড়াও খাতুনগঞ্জের ব্যবসার জৌলুশ হারানোর পেছনে প্রতারণা, শেয়ারবাজারের ধস, সরকারি নীতি-সহায়তার অভাব, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারের সিংহভাগ পণ্যের দরপতনের কারণ তুলে ধরেছেন ব্যবসায়ীরা। একের পর এক ব্যবসায়িক প্রতারণার ঘটনাও খাতুনগঞ্জের অনেক আমদানিকারককে পথে বসিয়েছে। এ কারণে বিশ্বাসে ভর করে চলা এ বাণিজ্যকেন্দ্রটির ব্যবসায় এখন অবিশ্বাস ভর করেছে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ প্রথম আলোকে বলেন, প্রতারণা শিকার, ব্যবসায় লোকসান ও ব্যাংকের দায় কাঁধে নিয়ে গত ২০ বছরে শতাধিক ছোট, মাঝারি ও বড় পর্যায়ের ব্যবসায়ী খাতুনগঞ্জ থেকে হারিয়ে গেছেন। এ সময়ে প্রতারণার ঘটনা ঘটেছে অর্ধশতাধিক।
খাতুনগঞ্জে সর্বশেষ বড় প্রতারণার ঘটনাটি ঘটে ২০১৩ সালের নভেম্বরে। ইয়াছির গ্রুপের কর্ণধার মোজাহের আলম ২৯ জন ব্যবসায়ীর ১৫০ কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে যান। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকেরও পাওনা ছিল ৫২৫ কোটি টাকা। এর আগে ২০১১ সালে চৌধুরী ব্রাদার্স ও চৌধুরী এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানের পাঁচ ভাই মিলে ব্যবসায়ীদের প্রায় ১৪৮ কোটি টাকা মেরে পালিয়ে যান।
এসব প্রতারণার ঘটনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে খাতুনগঞ্জের ব্যবসার পরিবেশকে। এ কারণে লেনদেনের ক্ষেত্রে সতর্ক হয়ে গেছেন ব্যবসায়ীরা। চেনাজানা নেই এমন কারও সঙ্গে আর লেনদেন করছেন না বর্তমান ব্যবসায়ীরা। ফলে নতুন করে কেউ আর এ বাজারে যুক্ত হতে পারছেন না। অন্যদিকে অতীতে বাছবিচার ছাড়া অর্থায়ন করে একের পর এক ঋণখেলাপির ঘটনা ঘটায় ব্যাংকগুলোও এখন অর্থায়নের ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করছে। এ কারণে ব্যাংকঋণের সুবিধা পেতে বিদ্যমান ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে খাতুনগঞ্জের পুরোনো ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একসময় ব্যাংক বাছবিচার ছাড়া অর্থায়ন করেছে, যার কারণে বিপুল ঋণখেলাপি হয়। আর এখন আমরা যারা বাজারে আছি, তারা সবাই এর ভুক্তভোগী।’
নাম প্রকাশ না করার শর্তে খাতুনগঞ্জের একাধিক ব্যাংকের শাখাপ্রধান ও আঞ্চলিক কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, ‘পুরোনো ঋণ উদ্ধারেই আমরা অনেক বেশি সচেষ্ট। নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে।’
এদিকে শেয়ারবাজারও পথে বসিয়েছে খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ীকে। ২০১০ সালের শেয়ারবাজার ধসের আগে অনেক ব্রোকারেজ হাউস খাতুনগঞ্জে তাদের শাখা বিস্তার করে। আর তখন দ্রুত লাভের আশায় আসল ব্যবসা ফেলে ব্যবসায়ীরা বিপুল অর্থ বিনিয়োগ করেন শেয়ারে। এমনকি ভোগ্যপণ্য আমদানির জন্য নেওয়া ব্যাংকঋণও চলে যায় শেয়ারবাজারে। ২০১০ সালের ধসে সেসব বিনিয়োগের সিংহভাগই খুঁইয়ে আসল ব্যবসাও গোটাতে বাধ্য হন।
নাম প্রকাশ না করার শর্তে খাতুনগঞ্জের শীর্ষ এক আমদানিকারক প্রতিষ্ঠানের প্রধান জানান, ২০১০ সালের শেয়ারবাজার ধসের কারণে ৪০ কোটি টাকা লোকসান দিতে হয়েছে। এখন এসে শেয়ারবাজারের ওই বিনিয়োগকে নিজের ব্যবসায়িক জীবনের বড় ‘ভুল’ বলে মনে করেন তিনি।
অপর শিল্পপ্রতিষ্ঠান টি কে গ্রুপও তাদের নিজস্ব ব্রোকারেজ হাউসের মাধ্যমে শেয়ারের বিপরীতে গ্রাহকদের ঋণ দিয়ে ২০ কোটি টাকারও বেশি লোকসান দিয়েছে বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে। তবে এ বিষয়ে তাঁরা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।