সাভারে ভবন ধসে পোশাকশ্রমিকের মৃত্যু ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে কানাডার ৪০ হাজার রিটেইলার (খুচরা ক্রেতা) এবং চেইন স্টোরগুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘রিটেইল কাউন্সিল অব কানাডা’ এবং অন্যান্য রিটেইল কোম্পানির প্রতিনিধিরা কাল সোমবার জরুরি সভায় মিলিত হচ্ছেন। বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর পরিবেশ এবং শ্রমিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণের জন্যই এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। জনপ্রিয় কানাডিয়ান ব্র্যান্ড ‘জো ফ্রেশ’-এর মূল কোম্পানি লবলস ইনক-এর আহ্বানে এ বৈঠক হচ্ছে। সাভারে ভবন ধস ট্র্যাজেডির কারণ সম্পর্কে সরেজমিন খোঁজখবর নিতে লবলস ইনকের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও শিগগিরই বাংলাদেশ যাচ্ছে। তারা ভবনধসে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের পুনর্বাসন এবং উদ্ধারকাজ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে। প্রতিনিধিদলটি দুর্ঘটনার কারণ এবং পোশাক কারখানাগুলোর কাজের নিরাপদ পরিবেশ সম্পর্কেও তথ্য-উপাত্ত সংগ্রহ করবে।সাভারের ধসে পড়া ভবনটিতে অবস্থিত পোশাক কারখানাগুলোতে জো ফ্রেশের পোশাক তৈরি হচ্ছিল। গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হওয়ার পর তারা প্রচণ্ড চাপের মধ্যে পড়ে। কানাডার মূলধারার মিডিয়া ছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও তীব্র আক্রমণের শিকার হয় কোম্পানিটি। জো ফ্রেশের অফিশিয়ািল ফেসবুক পেজে জো ফ্রেশের কাপড় বর্জনের আহ্বান জানিয়ে অসংখ্য পোস্ট পড়তে থাকে। একটি পোস্টে মন্তব্য করা হয়েছে, ‘তোমাদের পোশাকে আমি হয়তো সুন্দর হয়ে উঠি, কিন্তু আমার মন বেদনায় ছোট হয়ে যায়।’ আরেকটি পোস্টে মন্তব্য করা হয়েছে, ‘জো ফ্রেশের কাপড়? কিছুতেই না। মনে হবে দরিদ্র একটি দেশের অসহায় শ্রমিকের লাশ আমাকে জড়িয়ে আছে।’ ক্ষুব্ধ ক্রেতাদের অসংখ্য মন্তব্যের পর লবলস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা পণ্য সংগ্রহের আগে নিশ্চিত হয়ে নিই, ওই পণ্যগুলো সামাজিকভাবে ন্যায্য পরিবেশে উৎপন্ন হয়েছে কি না। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার বিবরণে বুঝতে পেরেছি, আমাদের কঠোর নীতিমালায়ও আসলে কারখানা ভবন বা নির্মাণের বিষয়গুলো তেমন গুরুত্ব পায়নি। আমরা নীতিমালার পরিধিকে আরও সম্প্রসারিত করে পণ্য সংগ্রহের শর্তাবলিতে শ্রমিকের নিরাপত্তাকেও গুরুত্বপূর্ণ নিয়ামকে পরিণত করতে যাচ্ছি।’ সাভারে ভবন ধসে পড়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও কথাবার্তা শুরু হয়েছে। কানাডিয়ান অ্যাপারেলস ফেডারেশনের নির্বাহী পরিচালক বব ক্রিক বলেছেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকের বাজারে কানাডার বেশ বড় ধরনের অংশীদারি আছে। প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক বিনা শুল্কে কানাডার বাজারে আসে। এটি বাংলাদেশ সরকারের জন্য একধরনের ভর্তুকি। কাজেই ‘কিছু একটা’ করার জন্য বাংলাদেশ সরকারকে বলতেই পারে কানাডা।কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের তৈরি পোশাক খাতের বিপজ্জনক কাজের পরিবেশে কানাডা খুব উদ্বিগ্ন। সব দেশ শ্রমিকদের নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি।ভবনধসের এ ঘটনার প্রচারের পর ২০১১ সালের ডিসেম্বর মাসে কানাডার হাউস অব কমন্সে পেশ করা একটি আইন নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। এনডিপি থেকে নির্বাচিত ফেডারেল সংসদ সদস্য পিটার জুলিয়ান ‘সুইটশপ লেবার অ্যাক্ট’ নামের একটি আইন উত্থাপন করেছিলেন। আইনে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) মানদণ্ড অনুসৃত হয় না এমন যেকোনো দেশ থেকে কানাডায় পণ্য আমদানি নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। প্রথম দফা যাচাই-বাছাই হলেও পরে এটি আর এগোয়নি। এখন আবার এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।