বেসরকারি বিনিয়োগে জোর দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের ঘোষণা থাকছে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে। তবে প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতিতে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, নতুন ঘোষণাতেও তার আশপাশেই থাকছে। মুদ্রানীতির ভঙ্গিও হবে সংকুলানমুখী। ২৪ জানুয়ারি গভর্নর ফজলে কবির দ্বিতীয়বারের মতো এ মুদ্রানীতি ঘোষণা করবেন।
নতুন মুদ্রানীতি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ীদের মতামত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ রাজধানীর লেকশোর হোটেলে অর্থনীতিবিদ, সাবেক গভর্নর, ডেপুটি গভর্নরের মতামত নেওয়া হবে।
বর্তমান প্রেক্ষাপটে মুদ্রানীতি কেমন হওয়া উচিত জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বেসরকারি বিনিয়োগে একটা মন্দাবস্থা চলছে। বিনিয়োগ বাড়বে এমন ঘোষণা থাকা উচিত। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ঋণ যেন উৎপাদনশীল খাতে যায়, সেটা নিশ্চিত করতে হবে। মোট দেশজ উৎপাদন যেটা অর্জিত হয়েছে, তা সুসংহত করার লক্ষ্য থাকতে হবে। আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে জোরালো উদ্যোগ প্রয়োজন।
জানা গেছে, অর্থবছরের সঙ্গে সম্পর্ক রেখেই মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সে হিসেবে অর্থবছরের শুরুতে মুদ্রানীতি ঘোষণা করা হয়। তবে ছয় মাসের হালনাগাদ তথ্যের ভিত্তিতে জানুয়ারিতে আবারও মুদ্রানীতি দেওয়া হয়। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয় ১৬ দশমিক ৬ শতাংশ। এতে আগামী জুন পর্যন্ত ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়। নতুন মুদ্রানীতিতেও ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ অথবা কিছুটা বাড়ানো হবে।