জোরালো উৎপাদন কর্মকাণ্ড বিশ্বে মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রধান অর্থনীতিগুলোয় শিল্পোৎপাদন কর্মকাণ্ড অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। এর প্রভাবে বিশ্ববাজারে বেড়ে গেছে বিভিন্ন পণ্যের চাহিদা, যা সামগ্রিকভাবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে।গত সোমবার বিশ্বের বড় অর্থনীতিগুলোর জানুয়ারি মাসে পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) প্রকাশ পাওয়ার পর বিশেষজ্ঞরা এমন অভিমতই প্রকাশ করেছেন। প্রকাশিত তথ্যানুসারে, জানুয়ারি মাসে পিএমআই দাঁড়িয়েছে ৫৭ দশমিক ২০ পয়েন্ট, যা ডিসেম্বর মাসে ছিল ৫৫ দশমিক ৬০ পয়েন্ট। জেপি মর্গ্যান ও মার্কিট বিশ্বের সমন্বিত এই পিএমআই প্রকাশ করেছে।উল্লেখ্য, পিএমআই হলো উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতের একটি গুরুত্বপূর্ণ সূচক। এটি পাঁচটি উপসূচকের ভিত্তিতে প্রণীত হয়, এগুলো হলো: নতুন কার্যাদেশ, মজুদ পরিস্থিতি, উৎপাদন, জোগানদারের চালান ও কর্মসংস্থানের পরিবেশ। ৪০ হাজারের বেশি উৎপাদন ব্যবস্থাপকের ওপর এসব বিষয়ে নিয়মিত জরিপ চালিয়ে এই সূচকটি প্রতি মাসের প্রথম কার্যদিবসে প্রকাশ করা হয়। পিএমআইর এই ইতিবাচক তথ্য ইতিমধ্যে ইউরোপ ও আমেরিকার শেয়ারবাজারকে চাঙা করে তুলতে সহায়ক হয়েছে।তবে উৎপাদন খাতের তেজিভাব পণ্যের চাহিদা বাড়াচ্ছে, যা আবার বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে উৎপাদনে ব্যবহার্য উপাদানসামগ্রীর বা পণ্যের দাম বিশ্ববাজারে ৩০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। আর বিশ্বের বিশেষভাগ বৃহৎ শিল্পায়িত অঞ্চলগুলোতে ব্যয়জনিত মূল্যস্ফীতির হার ২০০৮ সালের জুলাই মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।এশিয়ায় মূল্যস্ফীতির চাপ চাহিদা ও ব্যয়—দুই দিক থেকেই উৎসারিত হচ্ছে। বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে থাকা মূল্যস্ফীতি মোকাবিলায় নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এশিয়ার মধ্যে চীনে অবশ্য ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে পিএমআই সূচক কিছুটা কমে গেছে। নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে উপনীত হলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতি গ্রহণ করে। নভেম্বর মাসে চীনের মূল্যস্ফীতির হার ৫ দশমিক ১০ শতাংশে উন্নীত হয়েছে, যা ছিল ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এরপরই চীনের কেন্দ্রীয় ব্যাংক দুই দফা সুদের হার বাড়ায়। সরকার মূল্যস্ফীতি প্রশমনে কিছু প্রশাসনিক পদক্ষেপ নেয়। ফলে ডিসেম্বরে এই হার কিছুটা কমে ৪ দশমিক ৮০ শতাংশে নেমে আসে।তবে বিশ্লেষকেরা বলছেন, জানুয়ারিতে মূল্যস্ফীতির হার আবার বেড়ে যেতে পারে। কেননা, বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার প্রভাব পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন চীনা চন্দ্রবর্ষ উদ্যাপন সামনে রেখে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির চাপ। সূত্র: এফটি