
বেলা সোয়া তিনটা। খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়ার বাজার। বাজারে ঢোকার মুখে ইরা ট্রেডার্সের সামনে ৩০ বস্তা পেঁয়াজের স্তূপ। পানিতে ভিজে গেছে। নালা উপচে আসা জোয়ারের পানিতে আবারও ডুবছে।
তবে সেদিকে খেয়াল নেই প্রতিষ্ঠানের কর্মীদের। বরং দোকানের ভেতর থেকে বেলচা দিয়ে পানি তুলে বাইরে ফেলতে ব্যস্ত কর্মীরা। দোকানের সামনে এক হাত উঁচু প্রতিরোধ দেয়াল থাকায় জোয়ারের পানি তখনো দোকানে ঢুকতে পারেনি। চারদিক থেকে দেয়াল চুইয়ে দোকানের ভেতরে পানি উঠছে।
প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, গত দুদিন এক বস্তা পণ্যও বিক্রি হয়নি। সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি ও জোয়ারের পানিতে তিনটি গুদাম ও দোকানে ২২০ বস্তা পেঁয়াজ, রসুন ও আদা ভিজে নষ্ট হয়ে গেছে।
ইরা ট্রেডার্সের পাশের গলিতে হাঁটুপানি পেরিয়ে মূল বাজারে ঢুকে দেখা যায়, দোকানের ভেতর পানিতে বসে আছেন এফ আর করপোরেশনের পরিচালক আবদুর রহিম। হলুদ, আদা, রসুন ও ধনিয়ার পাইকারি বিক্রেতা তিনি। কী অবস্থা জানতে চাইলে মাথা চাপড়ালেন এই ব্যবসায়ী। তিনি প্রথম আলোকে বলেন, ‘সোমবার বৃষ্টি ও জোয়ারের পানিতে ৬০ বস্তা হলুদ ও ২০ বস্তা আদা ভিজে নষ্ট হয়ে গেছে। আজ (গতকাল মঙ্গলবার) জোয়ার আসার আগে কাঠের কাঠামো দিয়ে হলুদ ও আদার বস্তাগুলো উঁচু করে রেখেছি। তাও রক্ষা করতে পারব বলে মনে হচ্ছে না।’ বাগদাদী করপোরেশন নামের আরেকটি প্রতিষ্ঠানের কর্মী মো. মাকসুদ জানালেন, গুদাম ও দোকান মিলিয়ে তাঁদের অন্তত ২০০ বস্তা কাঁচা পণ্য কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামিদুল্লাহ মিয়ার বাজারের ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবছার উদ্দিন প্রথম আলোকে বলেন, খাতুনগঞ্জে সবচেয়ে নিচু এলাকা হামিদুল্লাহ মিয়ার বাজার। চাক্তাই খাল দিয়ে কর্ণফুলী নদীর জোয়ারের পানি প্রথমেই এই বাজারে ওঠে। ফলে এখানের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জোয়ারের পাশাপাশি ভারী বর্ষণের কারণে সোমবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
হামিদুল্লাহ মিয়ার বাজার পেরিয়ে সামনে যেতেই আবারও সড়কে জোয়ারের পানি দেখা গেল। সড়কের পাশে ডালের ব্যবসাপ্রতিষ্ঠান সুমন ট্রেডিংয়ের দোকানের সামনে প্রতিরোধ দেয়াল পর্যন্ত পানি ছুঁই ছুঁই করছে। প্রতিষ্ঠানের কর্ণধার সঞ্জয় দেব প্রথম আলোকে বলেন, সোমবারের বৃষ্টি ও জোয়ারের পানিতে দোকানের নিচের স্তরে থাকা ৩০ বস্তা ছোলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুমন ট্রেডিং ফেলে সামনে যেতে রাস্তার দুই পাশে ডালের ব্যবসাপ্রতিষ্ঠান। গতকালও সবগুলো দোকানের সামনে প্রতিরোধ দেয়াল পর্যন্ত পানি উঠেছে। খালেক ট্রেডিংয়ের কর্ণধার আবদুস সবুর প্রথম আলোকে জানালেন, তাঁর ডাল প্রক্রিয়াজাত কারখানায় জোয়ারের পানিতে শতাধিক বস্তার নিচের দিকে ভিজে গেছে।
খাতুনগঞ্জ পেরিয়ে চাক্তাই এলাকায় গিয়েও দেখা গেল জোয়ারের পানি থেকে ব্যবসায়ীদের পণ্য রক্ষার চেষ্টা। পাইকারি ব্যবসাকেন্দ্র চাক্তাই এলাকার কর্ণফুলী অটো রাইস মিলের কর্ণধার আবুল বশর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ওপরের স্তরে রাখায় জোয়ারের পানি থেকে চাল রক্ষা করতে পেরেছি। তবে মিলের নিচের স্তরে রাখায় বহু বস্তা ধান ভিজে গেছে।’
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠান সাব্বির ট্রেডিংয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বেলা তিনটার সময় তাঁর প্রতিষ্ঠানের সামনের সড়কে পানি থইথই করছিল। অবশ্য প্রতিষ্ঠানের ভেতরে পানি ঢোকেনি।
পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চড়া গলায় বলতে শুরু করেন, ‘এভাবে কী ব্যবসা করা যায়? জোয়ার হলেই পানি উঠবে। জোয়ার আর বৃষ্টি একসঙ্গে হলে বস্তার পর বস্তা পণ্য পানিতে ভিজবে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব করতে আর ভালো লাগে না। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।’