সামাজিক নিরাপত্তাবেষ্টনীর পরিধি বাড়বে: অর্থমন্ত্রী
জ্বালানি ও মূল্যস্ফীতি নিয়ে সরকার উদ্বিগ্ন
দেশের জ্বালানি পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ে সরকার যে উদ্বিগ্ন, তা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে আশ্বাস দিলেন জ্বালানিসংকট কাটাতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের ব্যাপারে।অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় দেশে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সামাজিক নিরাপত্তাবেষ্টনী বাড়ানোর পাশাপাশি খাদ্যে ভর্তুকিও বাড়াবে।গতকাল রোববার দেশের অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবু কাওসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, সরকার দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে চায়। এ ক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থা বড় বাধা। সরকার গ্রামের জনগণকে বিদ্যুৎ দিতে চায়। বর্তমানে গ্রামীণ জনগোষ্ঠীর মাত্র ৪৫ শতাংশ বিদ্যুৎসুবিধা পাচ্ছে।মুহিত বলেন, সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে, তাতে ২০১৫ সালের মধ্যে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তবে ২০১২ সালের মধ্যে বিদ্যুৎসংকট থেকে উত্তরণ হলেও পুরো চাহিদা মেটাতে হলে ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।অর্থমন্ত্রী জানান, বিবিয়ানার প্রথম প্রকল্পের কার্যাদেশ নভেম্বরের মধ্যে দেওয়া হবে। এ ছাড়া দ্বিতীয় প্রকল্পের কার্যাদেশ জানুয়ারির মধ্যে দেওয়া হবে। এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র নির্মাণে প্রায় পাঁচ বছর সময় লেগে যাবে।মূল্যস্ফীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমান মূল্যস্ফীতির হার আগের চেয়ে কিছুটা কমলেও এখনো ওপরের দিকে রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জুন মাসে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭০ শতাংশ থাকলেও গত আগস্ট মাসে তা কমে হয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। তবে জুলাই মাসে এই হার ছিল ৭ দশমিক ২৬ শতাংশ।তবে মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও এখনো এটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। বলেন, মূল্যস্ফীতি প্রশমনে সরকার সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানোর পাশাপাশি খাদ্যে ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।মুহিত জানান, এরই অংশ হিসেবে সরকার ইতিমধ্যে চার লাখ টন খাদ্য আমদানি ও দুই লাখ টন খাদ্য স্থানীয়ভাবে সংগ্রহ করেছে। আর স্থানীয়ভাবে খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য বোরো মৌসুমের আগেই সারের দাম কমানো হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রাও বেড়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজার প্রতিনিয়ত ওঠানামা করছে। অচিরেই খাদ্যসামগ্রীর দাম কমার কোনো লক্ষণ নেই। তা ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ছে। তবে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে। চলতি অর্থবছরে দেশে বিনিয়োগ বেড়ে তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৪ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭০ শতাংশ প্রাক্কলন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।অর্থমন্ত্রী দেশের রপ্তানি ও আমদানি পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের হিমায়িত খাদ্য ও চা ব্যতীত অন্যান্য পণ্যের রপ্তানি সন্তোষজনক। দেশে চায়ের চাহিদা বেড়ে যাওয়ায় রপ্তানি কমছে। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশে ভোগ্যপণ্য ও মূলধনি যন্ত্রপাতির আমদানি বেড়েছে।মুহিত বলেন, দেশের শিল্প খাতের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৬০ শতাংশের কাছাকাছি হয়ে স্থিতিশীল রয়েছে। এ ছাড়া দেশের কৃষি খাতের প্রবৃদ্ধিও সন্তোষজনক।দেশের পুঁজিবাজার সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘পুঁজিবাজারে তেজিভাব থাকলেও অতিমূল্যায়িত হয়ে পড়েছে বলে আমি মানতে নারাজ। পুঁজিবাজারে সূচকের উত্থান-পতন থাকবেই। তবে বাজারের স্থিতিশীলতা আনতে নিয়ন্ত্রক সংস্থা এসইসি সরকারের কাছে প্রস্তাব দিয়েছে।’দেশের পুঁজিবাজার ’৯৬ সালের মতো অবস্থা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।মুহিত আরও বলেন, পুঁজিবাজার স্থিতিশীল রাখতে হলে শেয়ারের সরবরাহ বাড়াতে হবে। আগামী তিন মাসের মধ্যেই ২৫-২৬টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসবে বলে তিনি জানান।এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘উপজেলা পর্যায়ে পুঁজিবাজার বিস্তারের জন্য বেশ কয়েকজন আমাকে পরামর্শ দিয়েছেন। কিন্তু কিছু উপজেলায় গেলেও সব উপজেলায় ঢালাওভাবে তা বিস্তারের সুযোগ নেই। এ ছাড়া আরও নতুন স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা আপাতত নেই। ’বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে শরিক হওয়ায় তা বাংলাদেশের অর্থনীতিতে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কি না—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সাফল্যের সঙ্গে এই আয়োজন করা গেলে তা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’