
জ্বালানি তেল খাতে বড় ধরনের সংস্কার করা প্রয়োজন। জ্বালানি তেল খাতটি বাজারভিত্তিক করা দরকার। বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ করার সুযোগ তৈরি করা উচিত।
গতকাল মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম। অর্থনীতিও মসৃণ চলছে। রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল। এমন অবস্থায় জ্বালানি তেল খাতে বড় ধরনের সংস্কারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।
বনানীর পিআরআই ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কতটা উদার করা হবে, এর ওপর নির্ভর করবে বেসরকারি উদ্যোক্তাদের জ্বালানি খাতে বিনিয়োগ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি একদম কমে যায়, তবে ওই প্রতিষ্ঠানটি টিকবে কীভাবে, তাও দেখতে হবে। আবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামা করলে স্থানীয় বাজারে কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়েও ভাবতে হবে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, ‘গ্যাসের অপচয় হয়েছে। বহু বছর ধরে খুব অল্প মূল্যে আমরা এ গ্যাস বিক্রি করেছি। গ্যাসের প্রাপ্যতা থেকে অর্থনীতিতে কোনো সুবিধা নিতে পারিনি। অন্যদিকে জ্বালানি তেল এখন অর্থনীতির বোঝা হয়ে যাচ্ছে।’
মূল প্রবন্ধে সাদিক আহমেদ বলেন, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের আকাঙ্ক্ষা পূরণে জ্বালানি তেলের দাম নির্ধারণ পদ্ধতি, ভর্তুকি ও বাজার উদার করা—এ বিষয়ে সংস্কার প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে তেলের নিম্নমূল্য, অর্থনীতির ভালো গতিপ্রবাহ এবং রাজনৈতিক স্থিতিশীলতাই এমন একটি সংবেদনশীল বিষয়ে সংস্কারের একটি অপূর্ব সুযোগ তৈরি করেছে। তাঁর মতে, বাজার উদার করা হলে জ্বালানি খাতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রবেশের বাধা দূর হবে। জ্বালানি খাতে সংস্কার হলে ভোক্তা, সরকার ও অর্থনীতির উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যাবে বলে আশা করা যায়।
ভর্তুকি সম্পর্কে মূল প্রবন্ধে বলা হয়, ২০১০ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুসারে, ভর্তুকি দেওয়া হলেও জীবাশ্ম জ্বালানি (ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রল ইত্যাদি) ব্যবহারের ক্ষেত্রে গরিব মানুষ সুফল পায় না। মাসে ১ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত আয় করা এমন গরিব মানুষ গড়ে মোট ভোক্তা ব্যবহারের মাত্র দশমিক ১ শতাংশ কেরোসিন, প্রাকৃতিক গ্যাস দশমিক ০৪ শতাংশ, পেট্রল দশমিক ০৪ শতাংশ এবং বিদ্যুৎ দশমিক ০৩ শতাংশ ব্যবহার করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, জ্বালানি তেলের মতো বিষয়ে সব সরকারই অস্থায়ীভিত্তিক সিদ্ধান্ত নেয়। তবে জ্বালানি তেলের বড় সংস্কারের বিষয়টি কতটা হবে, জানি না। নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি বলেন, কিছুদিন আগে গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু গরিব মানুষের জন্য হা-হুতাশ করেন এমন ব্যক্তিরা এ উদ্যোগের বিরোধিতা করেছে। অথচ গ্রামের গরিব মানুষ প্রতি মাসে গড়ে চার-পাঁচ হাজার টাকা জ্বালানি কাঠ কিনতে খরচ করেন। শহরের মানুষ মাত্র চার-পাঁচ শ টাকায় পুরো মাস গ্যাস ব্যবহার করেন।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, জ্বালানি খাতে সংস্কারের এখনই সুসময়। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। জ্বালানি তেলের ভর্তুকি কমালে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো বেশি খরচ করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, জ্বালানি তেল কমালেই পণ্য ও সেবামূল্য কমবে না। তেলের দাম কমালেও বাসভাড়া কমে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক পরিচালক বশিরুল হক, জ্বালানি বিভাগের সাবেক সচিব এম এম নাসির উদ্দিন প্রমুখ।