ঢাকা চেম্বার ও জার্মান প্রতিষ্ঠানের যৌথ সেমিনার
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির তাগিদ
রাজধানীতে গতকাল মঙ্গলবার এক সেমিনারে বক্তারা সরকারকে জ্বালানি খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির তাগিদ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বর্তমান সরকার গত পাঁচ বছরে বিদ্যুৎ উৎপাদন প্রায় দ্বিগুণ করেছে। আগামী পাঁচ বছরেও বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে এখনকার চেয়ে দ্বিগুণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অন্যদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে শিল্প খাতের জন্য বিশেষায়িত ব্যবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও জার্মান প্রতিষ্ঠান টুভ সুড সাউথ এশিয়া যৌথভাবে র্যা ডিসন হোটেলে ‘ভবিষ্যৎ নিরাপত্তা এখনই’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারের উদ্বোধনী অধিবেশনে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশ সর্ববৃহৎ সৌর জ্বালানি ব্যবহারকারী দেশ। তিনি জানান, জ্বালানিবিষয়ক গবেষণা পরিচালনার জন্য বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল গঠনের কাজ শুরু হয়েছে।
২০২১ সালের মধ্যে দেশের সব মানুষের জন্য বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৪০ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে আসবে ৬ হাজার মেগাওয়াট। তিনি ক্রমবর্ধমান চাহিদা নিশ্চিত করার জন্য জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে জোর দেন।
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ জানান, তাঁর দেশে মোট জ্বালানি চাহিদার ২৬ শতাংশই আসে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে। তিনি বলেন, বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রকল্পের আওতায় চট্টগ্রামে ২০ হাজার ইলেকট্রিক প্রি-পেইড মিটার স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জার্মান রাষ্ট্রদূত আরও বলেন, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ খাতে অর্থায়ন, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
ডিসিসিআইয়ের সহসভাপতি শোয়েব চৌধুরী বলেন, বর্তমানে দেশের ৫৫ শতাংশ মানুষ বিদ্যুৎ-সুবিধা ভোগ করছে। তিনি শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার ভিত্তিতে শোয়েব চৌধুরী বলেন, আগামী ১০ বছরে জ্বালানি চাহিদা প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়বে। সে জন্য তিনি স্বল্প ব্যয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও সংস্কারের মাধ্যমে পুরোনো কেন্দ্রগুলোর আধুনিকায়নের আহ্বান জানান।
টুভ সুডের পরিচালনা পর্ষদের সদস্য কারস্টেন জেনডার বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। তাই এ খাতে বিনিয়োগের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তিও উদ্ভাবন করতে হবে।
টেকসই জ্বালানি ব্যবহারের মাধ্যমে জ্বালানি-স্বল্পতা মোকাবিলার আহ্বান জানান টুভ সুডের দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিরঞ্জন নাদকারনি।
এ ছাড়া দিনব্যাপী এই সেমিনারে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব সভায় বিইআরসির সদস্য সেলিম মাহমুদ, ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি হুরমায়ূন রশীদ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল হাসান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) এমডি শহীদ সারওয়ার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, টুভ সুডের পাওয়ার অ্যান্ড সিস্টেমস বিভাগের বৈশ্বিক প্রধান বরিস গেহরিং, এনার্জি অ্যান্ড পাওয়ার সাময়িকীর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।