জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী পোল্যান্ড

বাংলাদেশের খনি উন্নয়ন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে বিনিয়োগে আগ্রহী ইউরোপের দেশ পোল্যান্ড। একই সঙ্গে দেশটি বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যশিল্পেও বিনিয়োগে আগ্রহী। প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানান বাংলাদেশ সফরে আসা পোল্যান্ডের অর্থ প্রতিমন্ত্রী জিসওয়াভা গাওলিক।
রাজধানীর তেজগাঁওয়ে দেশীয় প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্টের কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোল্যান্ডের অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের কয়লা উত্তোলন, খনি উন্নয়ন, এলএনজি টার্মিনাল স্থাপন ও শেল গ্যাস খাতে বিনিয়োগ করতে চায় পোল্যান্ড। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে আমরা জি টু জি (সরকারি পর্যায়) এবং বি টু বি (ব্যবসায়ী পর্যায়ে) দুই দিকেই আলোচনা করছি। বিনিয়োগ করতে শুধু পরামর্শ নয়, খুবই সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমরা বাংলাদেশে এসেছি।’
জিসওয়াভা গাওলিক বলেন, তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও এসেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিজিকে ব্যাংকের বিদেশি বিনিয়োগের আগ্রহ ও সক্ষমতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সম্প্রতি পোল্যান্ড সরকার বাংলাদেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়ার পরপরই দেশটির সরকারি-বেসরকারি পর্যায়ের বিনিয়োগকারীরা বাংলাদেশে নতুন করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রক্রিয়াজাত খাদ্যশিল্পে দেশটির কারিগরি দক্ষতা থাকায় এ খাতে দেশটির বিনিয়োগ আগ্রহ থেকেই গোল্ডেন হারভেস্টের সঙ্গে বৈঠক করেন পোল্যান্ডের অর্থমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদল। পোল্যান্ডের সঙ্গে গোল্ডেন হারভেস্টের যৌথ বিনিয়োগে প্রক্রিয়াজাত খাদ্যশিল্প স্থাপনের সম্ভাব্যতা নিয়ে এ বৈঠক হয়। জাহাজ নির্মাণ খাতেও পোল্যান্ডের বিনিয়োগ আগ্রহের কথা জানালেন পোলিশ অর্থ প্রতিমন্ত্রী।
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা প্রসঙ্গে জিসওয়াভা গাওলিক বলেন, ‘বিনিয়োগ নিয়ে এটি আমাদের প্রথম বৈঠক। দুই দেশের কী প্রয়োজন, সেটি এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’
ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হলো পোল্যান্ড। ১৯৭২ সালের ১২ জুন দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশটির সঙ্গে বর্তমানে বাংলাদেশের মোট ৬০ কোটি ডলারের বাণিজ্য সম্পর্ক আছে। আর্থিক পরিমাণ খুব বেশি না হলেও দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-সম্পর্কিত চুক্তি হয় ১৯৭২ সালের ২১ জুন।
এশিয়ার অন্যান্য দেশে পোল্যান্ডের উল্লেখযোগ্য বিনিয়োগ আছে। সেটি আরও বাড়াতে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানালেন বাংলাদেশসহ সার্কভুক্ত ছয়টি দেশের পোল্যান্ডের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী থমাস লুখাশুখ।
বাংলাদেশের খাদ্য, ডেইরি, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস, আবাসন, এভিয়েশন, অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ আছে গোল্ডেন হারভেস্টের। হিমায়িত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে গোল্ডেন হারভেস্টই প্রথম ‘কোল্ড চেইন নেটওয়ার্ক’ গড়ে তুলেছে।