
দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে জ্বালানি খাতে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। সম্মেলনের প্রথম দিনের শেষ কর্ম-অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় অধিবেশনের সভাপতি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আহ্বান জানান কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে যেন সামিট গ্রুপ এ বিনিয়োগ করে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, অবকাঠামোসহ উৎপাদনশীল শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয় প্রথম দিনের কর্ম-অধিবেশনে। উদ্বোধনী অনুষ্ঠানের পর এদিন বিষয়ভিত্তিক চারটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর দপ্তর ও গবেষণা সংস্থা বিল্ডের (বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট) সহায়তায় বিনিয়োগ বোর্ড রাজধানীর র্যাডিসন হোটেলে এ সম্মেলনের আয়োজন করেছে।
এদিকে, সম্মেলনের উদ্বোধনী পর্বে ভারতে রিলায়েন্স ও আদানী গ্রুপ আলাদা আলাদাভাবে বাংলাদেশে মোট ৮০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানান।
সম্মেলনের প্রথম দিনের প্রথম কর্ম-অধিবেশনে ‘বিনিয়োগ পরিস্থিতি’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন অমিত সম্ভাবনার দেশ। ইতিমধ্যেই যেসব বহুজাতিক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে, তাদের সাফল্যই এর সবচেয়ে বড় প্রমাণ। স্থিতিশীল প্রবৃদ্ধির এ দেশে এখনই বিনিয়োগের সেরা সময়।
এ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বিনিয়োগ আকর্ষণে এককেন্দ্রিক (ওয়ানস্টপ) যে সেবা চালু করা হয়েছে এ বছর শেষে তা নিয়ে বিনিয়োগকারীদের কোনো অভিযোগ থাকবে না। সেভাবেই এ সেবা কার্যক্রমকে গড়ে তোলা হচ্ছে। এতে বিদেশি বিনিয়োগকারীদের হয়রানি অনেকটাই কমবে।
বেজা প্রধান নির্বাহীর সঙ্গে দ্বিমত পোষণ করে এস এ সামাদ বলেন, ‘ওয়ানস্টপ সেবা দেওয়ার জন্য যে সামর্থ্য বিনিয়োগ বোর্ডের থাকা দরকার সেটি তো আমাদের নেই। সব সেবা যদি আমি দিতেই না পারি তাহলে এই ওয়ানস্টপ সেবা দিয়ে আমি কী করব?’
এস এ সামাদ বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের যেভাবে গুরুত্ব দেওয়া হয়, সমপর্যায়ের অনেক উন্নয়নশীল দেশই তা দেয় না। বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা প্রতিনিয়তই শিখছি, এভাবে শিখতে শিখতে আমাদের অর্থনীতি এখন উড়ন্ত সূচনার পর্যায়ে চলে এসেছে।
বেসরকারি বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের (এসসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার বলেন, ‘১০০ বছরের বেশি সময় ধরে এ দেশে আমরা ব্যবসা করে আসছি। এখানে কর্মরত দুই হাজার লোকবলের সিংহভাগই এ দেশের নাগরিক। সরকারের তিনটি বড় প্রকল্পে সম্প্রতি এসসিবি ১০০ কোটি ডলার অর্থায়নের ব্যবস্থা করেছে।’
পরিবহনব্যবস্থার অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনাবিষয়ক কর্ম-অধিবেশনে মূল প্রবন্ধে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ও শিল্পোদ্যোক্তা সালাহউদ্দিন কাশেম খান বলেন, বাংলাদেশে পরিবহনব্যবস্থার উন্নয়নে বিভিন্ন অবকাঠামোতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এ বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে এককেন্দ্রিক (ওয়ানস্টপ) সেবাব্যবস্থা চালু করতে হবে।
একই কর্ম-অধিবেশনে আইএফসির মুখ্য বিনিয়োগ কর্মকর্তা রেবেকা কনরাড ব্রাজিল, সেনেগাল ও ফিলিপাইনে বিভিন্ন অবকাঠামো খাতে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বিনিয়োগের সাফল্যের চিত্র তুলে ধরেন। তাতে বলা হয়, পিপিপির আওতায় সেনেগালে ২৮ কোটি ডলার ব্যয়ে ২৫ কিলোমিটার দীর্ঘ একটি টোল সড়ক তৈরি করা হয়। এতে যাতায়াতে দেড় ঘণ্টা সময় সাশ্রয় হয়েছে।
মধ্যাহ্নভোজের বিরতির পর ‘উৎপাদন খাতকে প্রতিযোগিতামূলক করার উপায়’ বিষয়ক কর্ম-অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফসির গ্লোবাল ইন্ডাস্ট্রি বিভাগের প্রধান জেমস এফ ইমেরি।
মূল প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশের উৎপাদন খাতের বিকাশ হলেও এটি এখনো অনেকটাই তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। একটি খাতকে ধরে বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকা কঠিন। এ জন্য চামড়া, খাদ্য প্রক্রিয়াকরণ, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকসের মতো বিভিন্ন খাতের উৎপাদনে জোর দিতে হবে।
বিল্ডের নির্বাহী পরিচালক আসিফ ইব্রাহিমের সঞ্চালনায় এ অধিবেশনের প্যানেল আলোচনায় অংশ নেন শিল্পসচিব মোশাররফ হেসেন ভূঁইয়া, মার্কিন পোশাক ক্রেতা প্রতিষ্ঠান লি অ্যান্ড ফুংয়ের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার ইয়ং, চামড়াজাত পণ্য ও পাদুকা প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (এলএফএমইএবি) সভাপতি সাইফুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। এ ছাড়া প্রথম দিনের কর্ম-অধিবেশনে দেশি-বিদেশি উদ্যোক্তারা বক্তব্য দেন। সেই সঙ্গে বিনিয়োগ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্ধারিত আলোচকেরা।