বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন অর্ধেকে নেমে এসেছে, তখন এই খাতে সরকারকেও কম অর্থ ব্যয় করতে হচ্ছে। সংগত কারণেই জ্বালানি খাতে ভর্তুকিও দিতে হচ্ছে কম। তার পরও আগামী বাজেট সামনে রেখে জ্বালানি-বিদ্যুৎ উভয় খাতেই ভর্তুকি কমাতে পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেই পরামর্শ নাকচ করে দিয়েছেন।
বিশ্বব্যাংককে অর্থমন্ত্রী উল্টো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য প্রতিশ্রুত অর্থ ছাড় না করার কথা শুনিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তিন দিনব্যাপী বসন্তকালীন বৈঠকে যোগ দিয়ে অর্থমন্ত্রী বাংলাদেশের সাংবাদিকদের এসব কথা জানান। গত শুক্রবার এ বৈঠক শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ তারেক এ সময় উপস্থিত ছিলেন।
শুক্রবার সকালে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে সংস্থাটির দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সনের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে একটাই ছিল বিতর্কের বিষয়। আর সেটা হচ্ছে জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার। আমি তাঁকে বলেছি আমাদের মতো গরিব দেশে এটা পুরোপুরি প্রত্যাহার করা কঠিন।’
বিদ্যুৎ খাত নিয়ে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে বলেন, ‘সরকার বেশিসংখ্যক মানুষকে বিদ্যুৎ সুবিধা দিতে চায়। এ জন্য আরও বেশি ভর্তুকির প্রয়োজন হলে সেটাও দেওয়া হবে। দেশের মানুষকে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত করে ভর্তুকি কমানোর কোনো পরিকল্পনা নেই।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাঁকে আরও বলেছি, আমাদের বিদ্যুতের দামের কয়েক ধরনের ধাপ আছে। ধনীদের জন্য একটু বেশি, মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত ও গরিবদের জন্য কম বিল।’
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর ৩০ কোটি ডলারের একটি তহবিল গঠন করা হলেও এ থেকে অর্থ পাওয়া যাচ্ছে না বলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে জানান অর্থমন্ত্রী।
একই দিন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে মুহিতের। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর এবং দেশটি থেকে চলমান ১০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির পাশাপাশি আরও ১০০ কোটি ডলারের ব্যাপারেও আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ভারতীয় ঋণে ১৬টি প্রকল্পের মধ্যে চার-পাঁচটির কাজ শুধু বাকি। যেগুলো চলছে সেগুলোর জন্যও নতুন ঋণের দরকার। ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের সময় এগুলো ঠিক হবে।
এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ডসহ আফ্রিকার কয়েকটি দেশের সরকারপ্রধান শুক্রবার ইবোলা মোকাবিলার জন্য এক বৈঠক করেন। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বান কি মুন বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশ ও সংস্থা ইবোলা মোকাবিলায় নানা সহায়তা দিয়েছে। বিশ্বব্যাংক নতুন করে ইবোলা মোকাবিলায় আরও ৬৫ কোটি ডলার সহায়তা দেবে।
আগামী ১৭-১৮ মে ঢাকায় অনুষ্ঠেয় ‘সাউথ-সাউথ কনফারেন্স’ যোগ দিতে ভারতের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান মুহিত।
এদিকে বিশ্বব্যাংক-আইএমএফের নির্ধারিত অনুষ্ঠানের ফাঁকে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জোরিগিতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। রানি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা বুঝতে ও দেখতে আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা সফর করবেন বলে সাংবাদিকদের জানান গভর্নর।
আজ রোববার বিশ্বব্যাংক–আইএমএফের তিন দিনের এ বৈঠক শেষ হবে।