জ্বালানি খাতে যাচ্ছে সিভিও পেট্রোকেমিক্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি ও বিদ্যুৎ খাতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। পাশাপাশি ক্যাটাগরিও পরিবর্তন হচ্ছে এ প্রতিষ্ঠানের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ইতিমধ্যে এই অনুমোদন দিয়েছে। আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয় সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের খাত পরিবর্তনের সিদ্ধান্ত আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। প্রতিষ্ঠানটি ভেজিটেবল অয়েল থেকে পেট্রোকেমিক্যাল রিফাইনারি প্লান্ট স্থাপনের মাধ্যমে ব্যবসায়িক ধরন পরিবর্তনের কারণে খাত পরিবর্তন করা হয়েছে। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদ সোহাগ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করায় প্রতিষ্ঠানটির ক্যাটাগরিও পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটি বিদ্যমান ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এসব সিদ্ধান্ত আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে সংবাদে বলা হয়।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সিভিও পেট্রোকেমিক্যাল। তখন থেকে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি হিসেবে শেয়ার লেনদেন চলে আসছে।

আজ লেনদেন শেষে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের দাম সাড়ে সাত শতাংশ বা ৫৭ টাকা ৭০ পয়সা বেড়ে ৮২৭ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।