জ্বালানি খাতে সংস্কার করলেই বাজেট সহায়তা
বাংলাদেশ জ্বালানি খাতে সংস্কার করলে বিশ্বব্যাংক আবারও বাজেট সহায়তা দেবে। সংস্থাটির সফররত দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেত্তি ডিক্সন এই আশ্বাস দিয়েছেন।
অ্যানেত্তি ডিক্সনের সঙ্গে সভা শেষে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সভাটি অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাংকের বাজেট সহায়তার পরিমাণ ৫০ কোটি ডলার হতে পারে। আগামী মাসে পেরুতে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।’
সভায় বিশ্বব্যাংকের ঋণকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সব ধরনের ঋণ (নমনীয় ও অনমনীয়) একীভূত করেছে, বিশ্বব্যাংকও এ রকম একীভূতকরণ প্রক্রিয়া শুরু করতে চায়। ওই বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিত আরও জানান, বাংলাদেশসহ আরও কয়েকটা দেশের জন্য আইডিএ প্লাস নামের নতুন শাখা খোলার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
বিশ্বব্যাংকের শর্তের বাস্তবায়ন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সম্প্রতি বিদ্যুতের দাম কিছুটা সমন্বয় করেছি। কিন্তু তাদের প্রস্তাব বাস্তবায়নের আরও কিছুটা বাকি আছে।’
আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে পণ্যটির দাম কমানো হবে কি না—এমন এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সহসাই কিছু করব না।’
এদিকে অ্যানেত্তি ডিক্সন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশেষ করে যেসব প্রকল্প বাস্তবায়ন করলে প্রবৃদ্ধি বাড়বে, সেসব প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়নে আগ্রহী। তিনি বলেন, গত অর্থবছরে বিশ্বব্যাংক ১৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে প্রায় ১০০ কোটি ডলার ছাড় করা হয়েছে।