জ্বালানি চাহিদা মেটাতে আঞ্চলিক সহযোগিতার দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত জ্বালানি চাহিদা মেটানোর জন্য আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এফবিসিসিআই। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে সংগঠনটি।গতকাল শনিবার ঢাকা সফররত ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সম্মানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দেওয়া এক মধ্যাহ্নভোজসভায় সংগঠনের সভাপতি এ কে আজাদ এসব প্রস্তাব করেন।রাজধানীর স্থানীয় এক হোটেলে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজসভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি হর্ষ সি মারিওয়ালা বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোহাম্মদ আবদুর রাজ্জাক, ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার, সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দীন ও সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী।সভায় আনন্দ শর্মা বলেন, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো প্রয়োজন। তাঁর মতে, ভারতের বিনিয়োগ বাংলাদেশে কর্মসংস্থান বাড়াতে সহায়তা করবে এবং উৎপাদিত পণ্যও ভারতে রপ্তানি হবে বলে তিনি জানান। তিনি বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।আনন্দ শর্মা আরও বলেন, বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো ও যোগাযোগ ছাড়াও কৃষি প্রক্রিয়াজাত, খাদ্য-প্রক্রিয়াকরণ, বস্ত্র ও ওষুধশিল্পে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সমন্বিত আঞ্চলিক বাণিজ্য যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। শ্রীলঙ্কা, ভুটান ও নেপালের সঙ্গে ভারতের মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) রয়েছে। এতে প্রত্যেক দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ঘাটতি কমাতে ভারতীয় ব্যবসায়ীদের অধিক পরিমাণে বাংলাদেশ থেকে পণ্য আমদানির তাগিদ দেন। এ ছাড়া বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধাগুলো অপসারণের সুপারিশ করেন।এ কে আজাদ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য এবং সেবা খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ইতিমধ্যে একতরফাভাবে দেশীয় বিনিয়োগ নীতিমালার আলোকে অত্যন্ত উদার এবং উন্মুক্ত সেবা ও বিনিয়োগ নীতিমালা গ্রহণ করেছে। কিন্তু ভারত এখনো এসব সুযোগ দেয়নি। ২০১১ সালের মধ্যে সম্ভাব্য এফটিএর আওতায় বাংলাদেশের সব পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা দেওয়ার সুপারিশ করেন। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো অপসারণ করার তাগিদ দেন।এ কে আজাদ জানান, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ৩০ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে ভারত থেকে ৩২১ কোটি ৫০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আর চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ২১ কোটি ৯০ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে ভারত থেকে ২০৫ কোটি ৮০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।ফিকির সভাপতি হর্ষ সি মারিওয়ালা আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারতের পূর্বরাজ্যগুলো এবং উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যসহ বিহার ও পশ্চিমবঙ্গ একই ধরনের ভৌগোলিক অবস্থানে রয়েছে। তা ছাড়া এসব এলাকাগুলো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। চট্টগ্রাম ও অন্যান্য বন্দর ব্যবহার করে এসব দেশ ও এলাকার পণ্য সহজে বিশ্ববাজারে প্রবেশ করতে পারে। তিনি ভারত ও বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।