জ্বালানি তেল, স্বর্ণ ও রৌপ্যের দাম ফের ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেল, স্বর্ণ ও রৌপ্য এই তিনটি পণ্যের দাম আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।যুক্তরাজ্যের লন্ডন ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক অপরিশোধিত জ্বালানি তেল কেনাবেচা সপ্তাহের প্রথমদিকে মোটামুটি বাড়তে শুরু করলেও শেষ দিকে আবার কিছুটা কমে আসে। তবে অপরিশোধিত জ্বালানি তেল কেনাবেচার নিউইয়র্কভিত্তিক নাইমেক্স সূচক ও লন্ডনের ব্রেন্ট সূচকে সপ্তাহের লেনদেন শেষ হয়েছে ঊর্ধ্বমুখিতার মধ্য দিয়ে।যুক্তরাষ্ট্রের তেলের মজুদ কমে যাওয়ার খবরে তেলের দাম বেড়েছে বলে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন। সপ্তাহের শুরুতে প্রতি ব্যারেল তেল ৯৪ দশমিক ৮৫ ডলারে কেনাবেচা হয়। আর প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৪৮ ডলারে লেনদেনের মাধ্যমে সপ্তাহ শেষ করেছে।এদিকে আন্তর্জাতিক বাজারে ২০০৯ সালের নভেম্বরের পর গত সপ্তাহেই স্বর্ণের দাম সবচেয়ে বেশি বেড়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের রিপোর্ট খারাপ হওয়ায় সেই দেশের অর্থনীতি নিয়ে কিছুটা শঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন এবং এতে পণ্যটির দাম বাড়ে বলে ধারণা করা হচ্ছে।সপ্তাহ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় এক হাজার ৫৪৪ দশমিক ৫৫ ডলারে।অন্যদিকে আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে রৌপ্যের দামও বেড়ে আউন্সপ্রতি ৩৬ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।