জ্বালানি তেলের দর নির্ধারণ হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে
আগামী তিন মাসের মধ্যে দেশের ভেতর জ্বালানি তেলের মূল্য নির্ধারণের জন্য একটি নীতি বা পদ্ধতি করা হবে। এর ফলে জ্বালানি তেলের মূল্য ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করবে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে বাড়লে আমাদের এখানেও বাড়বে, কমলে আমাদের এখানেও কমবে।আইএমএফের ডেপুটি বিভাগীয় প্রধান ডেভিড জি কাউয়েনের নেতৃত্বাধীন চার সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান। অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেল যেহেতু আমদানিকৃত পণ্য, তাই প্রতিবেশী সব দেশেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে এর মূল্য বাড়ানো-কমানো হয়। এ বিষয়ে একটি নীতিমালা করার জন্য ছোট ছোট দলের পর এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গেও আলোচনা হয়েছে। স্বয়ংক্রিয় বাড়া-কমার পদ্ধতির পক্ষে সবাই রাজি। নীতিমালাটি হলে জ্বালানি খাতে ভর্তুকি কমে আসবে বলে মনে করেন মুহিত। অর্থমন্ত্রী জানান, ২০১১ সালের শুরু থেকেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বর্ধিত ঋণ-সহায়তা (ইসিএফ) বাবদ ১০০ কোটি ডলার ঋণ পাওয়ার আলোচনা চলছে। শেষ পর্যন্ত কোনো শর্তারোপ ছাড়াই সেই ঋণ তারা দিচ্ছে। প্রতিশ্রুত অঙ্কের কিছু অংশ পাওয়া যাচ্ছে এ দফায়। বাকিটা পাওয়া যাবে পর্যায়ক্রমে। মুহিত বলেন, আইএমএফ মাঝেমধ্যেই তাদের ঋণ দেওয়ার পদ্ধতি বদলায়। যেমন: আগে তারা স্বল্প সুদে দারিদ্র্য নিরসন প্রবৃদ্ধি সহায়তা (পিআরজিএফ) দিয়েছে। আর এখন দিচ্ছে ইসিএফ, যাতে কোনো সুদ দিতে হবে না। পার্থক্য হলো: আগেরটা ছিল দারিদ্র্য নিরসনের সঙ্গে সম্পৃক্ত, আর এখনকারটা আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তার সঙ্গে।অর্থমন্ত্রী বলেন, ‘ঋণের জন্য কোনো শর্ত না দিলেও কিছু বিষয়ে সময়সীমা বেঁধে দিয়েছে আইএমএফ। তবে নতুন কোনো বিষয়ে নয়। আমার গত তিন বছরের বাজেট বক্তৃতা থেকেই তারা তা নিয়েছে। যেমন আইএমএফ বলেছে, আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক কোম্পানি আইন পাস করতে হবে। আমরা এটা এমনিতেই করছি।’দেশের অর্থনীতি আগের মতো নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এটা এখন বিশ্ব অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাই আমাদের ব্যবস্থাপনা নীতিও আন্তর্জাতিক মানের হতে হবে।’দাম বাড়ালে কেরোসিন ও ডিজেল ব্যবহারকারী গরিব মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা কোনো বুদ্ধিমান প্রশ্ন হলো না। যখনই বাড়ানো হয়, অকটেন-পেট্রলের তুলনায় কেরোসিন-ডিজেলের দাম কম বাড়ানো হয়।’আইএমএফের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় চলমান হরতাল প্রসঙ্গ উঠেছিল কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, এই প্রসঙ্গ ওঠেনি। আমি কালকেও বলেছি, অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।’সুশাসনের অভাব বা সাম্প্রতিক গুম হয়ে যাওয়া বিষয়ে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী কোনো জবাব দেননি। বিএনপির তুলনায় আওয়ামী লীগের তিনটি বিষয়ে মৌলিক পার্থক্য রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বড়লোকদের কাছ থেকে বেশি কর আদায় করি, গরিবদের কাছ থেকে কম। এটা বিএনপির আদর্শ নয়। আমরা কৃষি খাতে নজর দিই, বিএনপি এতে অবহেলা করে। জ্বালানি খাতেও বিএনপির অবহেলা রয়েছে।’ যেসব পণ্য দেশেই উৎপাদিত হয়, সেসব পণ্য আমদানিতে কর বাড়ানো অযৌক্তিক হবে না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার যুক্তি দেখিয়ে তিনি বলেন, মোটরসাইকেল ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র এখন দেশেই উৎপাদিত হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ওয়ালটন ও রানার নামের দুটি কোম্পানির নাম উচ্চারণ করেন। কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে যে কমিশন হওয়ার কথা ছিল, তার অগ্রগতি জানতে চাইলে মুহিত বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কমিটি বিষয়টি দেখছে। অত তাড়াহুড়ার কিছু নেই। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী আমাকে জানিয়েছেন যে, ওই কমিটি একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছে।’