জ্বালানি তেলের দাম এখনই বাড়ছে না: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত।
আবুল মাল আবদুল মুহিত।

জ্বালানি তেলের দাম এখনই বাড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানান।
বৈঠকে ১১ হাজার ৯৯ কোটি টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির আটটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হওয়ার কথাও জানান তিনি। চলতি পঞ্জিকা বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে এ আমদানি হবে।
২০১৩ সালের জানুয়ারিতে সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।
৭৮ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণ’ প্রকল্পের আওতায় দয়াগঞ্জ ক্লিনার্স কলোনিতে পাঁচটি ১০ তলা ভবন নির্মাণকাজের প্রস্তাবও অনুমোদিত হয় ক্রয় কমিটির বৈঠকে।
এর বাইরে ৫৫ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে ধলেশ্বরী নদীর ওপর ৫২০ দশমিক ৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণকাজের প্রস্তাব এবং সৌদি আরব থেকে ২০ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এই মূহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই। এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো পরামর্শ রয়েছে কি না জানতে চাইলে মুহিত বলেন, আইএমএফের পরামর্শে তেলের মূল্য বাড়ানো হয় না। এটি নির্ভর করে আন্তর্জাতিক বাজারমূল্যের ওপর।
নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মিত হবে এবং চলতি অর্থবছরে এ জন্য পাঁচ হাজার কোটি টাকা রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন বাজেটের পরিমাণ হচ্ছে ৮৫ হাজার কোটি টাকা। তা থেকে পাঁচ হাজার কোটি টাকা কোনো বিষয়ই নয়।’