জ্বালানি তেলের দাম কমানো নিয়ে বিপাকে বিপিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে অর্থমন্ত্রীর ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একাধিক কর্মকর্তা। কারণ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ মাসের ব্যবধানে বেড়ে গেছে। বিশ্ববাজারে যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে দাম কমার সম্ভাবনা কম বলে বিপিসির কর্মকর্তারা মনে করছেন। এই অবস্থায় দাম সামান্য কমানো হলে ফড়িয়ারা লাভবান হবে। ভোক্তা পর্যায়ে কোনো সুফল মিলবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
গত বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছিলেন, জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা জানুয়ারিতেই কার্যকর করা হতে পারে। অর্থমন্ত্রী আরও বলেছিলেন, বিশ্ববাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। তাই দেশে জ্বালানি তেলের দাম খুব বেশি কমবে না। তবে কিছু কমানোর উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সরকার সর্বশেষ জ্বালানি তেলের দাম সামান্য কমিয়েছে, যেটা ছিল লোক দেখানো। এতে অর্থনীতিতে ইতিবাচক কোনো প্রভাব পড়েছে, তা বলা যাবে না। আবার যদি সামান্য কমায়, তাতেও কোনো ইতিবাচক প্রভাব পড়বে না।’
মইনুল ইসলাম আরও বলেন, ‘সরকার জ্বালানি তেল থেকে বিপুল রাজস্ব আয় করছে। এতে বাজেট ঘাটতি কমেছে, ব্যাংক থেকে সরকারকে ঋণ নিতে হচ্ছে না। আবারও যদি সামান্য দাম কমায়, তাতে সরকারের রাজস্ব আয় সামান্য কমে যাবে। কিন্তু সরকার এই খাত থেকে মুনাফা করেই যাবে। অন্যদিকে গ্যাসের দাম বাড়িয়ে তেল ও গ্যাসের দামের পার্থক্য আর রাখবে না সরকার।’
গতকাল বৃহস্পতিবার বিপিসির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত আরও অনেক আগে নেওয়া উচিত ছিল, যখন প্রতি ব্যারেল (১৫৯ লিটার) জ্বালানি তেলের দাম ছিল ৩০ থেকে ৪০ ডলার। কিন্তু বিশ্ববাজারে জ্বালানির দাম ধীরে ধীরে বেড়েই চলেছে।
বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, এক বছর আগেও ঋণপত্র খুলতে ডলারপ্রতি ব্যয় হতো ৭৮ টাকা। বছরের মাঝামাঝি ৭৯ টাকায় গিয়ে ঠেকে। এখন এক ডলারের বিপরীতে সাড়ে ৭৯ টাকা ব্যয় হচ্ছে। অর্থাৎ বিশ্ববাজারে এক দিকে জ্বালানির দাম বাড়ছে। আর অন্যদিকে ডলারের বিপরীতে টাকার মান কমছে। ফলে জ্বালানি তেলের দাম সামান্য কমালে ভোক্তা পর্যায়ে এর কোনো সুফল পাওয়া যাবে না। বরং সামান্য কমিয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আবার বাড়ানো হলে ভোক্তা পর্যায়ে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহসানুল জব্বার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রী জ্বালানির দাম কমানোর ঘোষণা দিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তবে কমানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসা যায়নি।’
আহসানুল জব্বার আরও বলেন, ‘আমরা সর্বশেষ ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি তিন টাকা কমিয়েছি। কিন্তু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাস ভাড়া কমেছে প্রতি কিলোমিটারে দু-এক পয়সা করে। অথচ লিটারে তিন টাকা বাড়ানো হলে বাস ভাড়া বেড়ে যায় আরও কয়েক গুণ বেশি। আসলে জ্বালানির দাম কমলে ফড়িয়ারা লাভবান হয়।’
বিপিসি সূত্র জানায়, ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। ওই সময় প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রল ৯৬ এবং ডিজেল ও কেরোসিন ৬৮ টাকা দর নির্ধারণ করে দেয়। বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে সরকার অকটেন ও পেট্রলের দাম লিটারে ১০ এবং কেরোসিন ও ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমিয়ে দেয়। এতে অকটেন প্রতি লিটার ৮৯ টাকা, পেট্রল ৮৬ এবং ডিজেল ও কেরোসিন ৬৫ টাকায় নেমে আসে।
বিপিসি সূত্র জানায়, গত অর্থবছরে ৩ হাজার ১৫৮ কোটি টাকার অপরিশোধিত (ক্রুড) এবং ১১ হাজার ৭৩৩ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৫৫ লাখ মেট্রিক টন। তবে পেট্রল ও অকটেন বিদেশ থেকে আমদানি করতে হয় না। দেশের গ্যাসফিল্ড থেকে পাওয়া কনডেনসেট পরিশোধন করে পেট্রল ও অকটেনের চাহিদা মেটানো হচ্ছে। দেশে কনডেনসেট প্রক্রিয়া করে প্রায় পাঁচ লাখ টন পেট্রল, অকটেন ও ডিজেল পাওয়া যায়।