বিশ্ববাজারে কয়েক মাস ধরে অব্যাহতভাবে কমেছে জ্বালানি তেলের দাম। তবে দেশের বাজারে তেলের দাম এখনো কমায়নি সরকার। আমদানি-রপ্তানি, প্রবাসী-আয়সহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা।
রাজধানীর বনানীতে গতকাল বৃহস্পতিবার বেসরকারি প্রতিষ্ঠান ফিনএক্সেল আয়োজিত ‘জ্বালানি তেলের মূল্য হ্রাস, আমদানি-রপ্তানি ও প্রবাসী আয়ে সম্ভাব্য প্রভাব’ শীর্ষক এক আলোচনায় এসব মতামত উঠে এসেছে। এতে আলোচকেরা আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠা-নামার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে দাম নির্ধারণের পরামর্শ দিয়েছেন।
ফিনএক্সেলের সভাপতি মামুন রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ফাওজুল কবির খান, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রঞ্জিত চক্রবর্তী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক অর্থ পরিচালক মুনিরুল ইসলাম, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ইফতি ইসলাম প্রমুখ।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আমদানিকারক দেশ হিসেবে জ্বালানি তেলের দাম কমে আসা আমাদের মতো দেশগুলোর জন্য আশীর্বাদ। এ সুযোগ কাজে লাগিয়ে ভারত সম্প্রতি ১৪ বার তেলের দাম কমিয়েছে। আর পাকিস্তান কমিয়েছে চারবার। বাংলাদেশে তেলের দাম না কমায় রপ্তানিতে আমরা প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছি।’
জ্বালানি তেলের দাম কমানোর বিষয়টিকে সমর্থন করে সাবেক সচিব ফাওজুল কবির খান বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করতে হবে। বাংলাদেশের বাজারে দাম কমানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, এর ফলে বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তেলের দাম কমলে বিপিসি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে। ডিজেলের দাম কমলে তা পণ্য পরিবহনসহ শাক-সবজির মূল্যেও ইতিবাচক প্রভাব ফেলবে।
জ্বালানি তেলের দাম না কমায় কৃষকের মতো প্রান্তিক জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন মুনিরুল ইসলাম। তিনি বলেন, কৃষককে একদিকে বেশি দামে তেল কিনতে হচ্ছে। সে জন্য উৎপাদন খরচ বেশি পড়ছে। যে কারণে কৃষক লাভবান হতে পারছেন না। অন্যদিকে ওই একই কৃষককে বেশি দামে সেচের জন্য বিদ্যুৎ কিনতে হচ্ছে। সরকারি পর্যায়ের চেয়ে (জি-টু-জি) উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে তেল কিনলে বাংলাদেশ বেশি লাভবান হবে বলে মনে করেন বিপিসির সাবেক এ কর্মকর্তা।
বিপিসির অব্যবস্থাপনার কারণে তেল চুরি ঠেকানো যাচ্ছে না বলে মতামত ব্যক্ত করেন বক্তারা। বাংলাদেশে যে পরিমাণ তেল আমদানি করা হয়, তার ৪ শতাংশ অব্যবস্থাপনার কারণে চুরি হয়। এ চুরি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানান আলোচকেরা। সরকারি প্রতিষ্ঠান বিপিসির পাশাপাশি জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকেও সুযোগ দেওয়া যেতে পারে বলে মতামত প্রকাশ করেন কয়েকজন আলোচক।