জ্বালানি তেলের দাম কমানোর দাবি এফবিসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই)। সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অর্ধেকে নেমে এসেছে। এখন দেশে দাম কমানো হলে বিদ্যুতের দামও যৌক্তিক পর্যায়ে চলে আসবে। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
রপ্তানি বাজার বাড়ানো এবং দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) ১৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সেপ্টেম্বরে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবুর্গ সফরে যাবে। সফরের বিষয়টি জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মাতলুব আহমাদ বলেন, সাত-আট বছর ধরে শিল্পপ্রতিষ্ঠানে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। এতে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিদ্যুতের দাম কম থাকলেও সংযোগ না পেলে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়াই স্বাভাবিক। তাই বেশি দাম দিয়ে হলেও ব্যবসায়ীরা বিদ্যুৎ-সংযোগ চান। কারণ, বিদ্যুৎ-সংযোগ থাকলে শিল্পকারখানা চলবে। নতুন বিনিয়োগ আসবে। তবে দাম বাড়লে সবারই মনে ব্যথা লাগে।
ভবিষ্যতে গ্যাসভিত্তিক শিল্পকারখানা না করার পরামর্শ দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, দেশে গ্যাসের পর্যাপ্ত মজুত নেই। ২০১৮ সালের পর গ্যাসের সংকট দেখা দিতে পারে। তাই উদ্যোক্তাদের আর গ্যাসভিত্তিক শিল্পে যাওয়া ঠিক হবে না। তবে এ জন্য সরকারকে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। প্রধানমন্ত্রী গ্যাসের পরিবর্তে বিদ্যুৎ-চালিত শিল্প গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।
মাতলুব আহমাদ আরও বলেন, নতুন শিল্পকারখানায় গ্যাস-সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত থাকলেও যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে গ্যাসভিত্তিক কারখানা করেছে, সেসব প্রতিষ্ঠান অবশ্যই গ্যাস-সংযোগ পাবে। এ ধরনের ৩৫৫টি প্রতিষ্ঠান আছে। তারা এখন সংযোগ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ডাচ্-বাংলা চেম্বারের ব্যবসায়ী প্রতিনিধিদলটি আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিবিসিসিআইয়ের সভাপতি হাসান খালেদ, সহসভাপতি আনোয়ার শওকত আফসার প্রমুখ।