জ্বালানি তেলের দাম কমানোর সুপারিশ সিপিডির
জ্বালানি তেলের দাম কমানোর সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বিশেষ করে কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েলের দাম কমানোর কথা বলছে প্রতিষ্ঠানটি। জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দামও সমন্বয় করার সুপারিশ করেছে সিপিডি।
আজ রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে সিপিডি ওই সুপারিশ তুলে ধরে।
সিপিডি মনে করে, আন্তর্জাতিক বাজারে এখন জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটি একটি হিসাব দিয়ে বলেছে, জ্বালানি তেলের দাম গড়ে ১০ শতাংশ কমানো হলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ৩ শতাংশ বাড়বে। আর তৈরিপোশাকের রপ্তানি বাড়বে দশমিক ৪ শতাংশ। ভোক্তা চাহিদা বাড়বে দশমিক ৬ শতাংশ। আর মূল্যস্ফীতি কমবে দশমিক ২ শতাংশ। তবে সরকারের সঞ্চয় কমবে দশমিক ৪ শতাংশ।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তেলের দাম কমানো হলে ভোক্তা ও বিনিয়োগকারীরা বেশি উপকৃত হবেন।
সিপিডি বলছে, ক্রমাগত লোকসানের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এখন পুঞ্জীভূত ঋণের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার ফলে গত অর্থবছরে বিপিসি ৫ হাজার ২৬৮ কোটি টাকা মুনাফা করেছে। এ বছর তেলের দাম অপরিবর্তিত থাকলে ১১ হাজার কোটি টাকা মুনাফা করবে বিপিসি। এ মুনাফার অর্থ দিয়ে ঋণ পরিশোধ করা হচ্ছে কি না, তা পরিষ্কার নয়।
সিপিডি আরও বলছে, বিনিয়োগ আকৃষ্ট করাই এখন বড় চ্যালেঞ্জ। গত অর্থবছরে অর্থনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে নতুন অর্থবছর শুরু করেছে সরকার। কিন্তু প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে বিনিয়োগ আকর্ষণে বড় কোনো উদ্যোগ বা সংস্কার করতে দেখা যায়নি।
সিপিডি মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিতে থাকলে বিনিয়োগে গতি আসতে পারে।