জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দর ২৬ মাসের অর্থাৎ দুই বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে গতকাল।প্রধান তেল উৎপাদক দেশগুলো সামনের দিনে হঠাৎ উৎপাদন বাড়াবে না—এমন আভাস পাওয়ার পর পরই বিশ্ববাজারে দাম বেড়ে গেছে।এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের হালকা অশোধিত জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বেড়ে উন্নীত হয়েছে ৯১ ডলার ১০ সেন্টে। আর লন্ডনের অশোধিত ব্রেন্ট তেল ৪৪ সেন্ট বেড়ে ৯৪ ডলার ২১ সেন্টে দাঁড়িয়েছে।তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকভুক্ত কয়েকটি সদস্য জানিয়েছে যে আগামী বছরের জুনের আগে তাদের পক্ষে তেলের উত্তোলন তথা উৎপাদন বৃদ্ধির বিষয়ে কোনো আলোচনায় বসা সম্ভব হবে না।যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারপাতও জ্বালানি তেলের দাম উসকে দিতে কিছুটা ভূমিকা রেখেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বড়দিনের দিনে চীনের কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী সুদের হার বৃদ্ধি।বিশ্লেষকেরা বলছেন, সুদের হার বাড়িয়ে চীন সরকার স্পষ্টতই ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকে তাদের জোর প্রয়াসের আভাস দিয়েছে। এর মাধ্যমে সামগ্রিক চাহিদা খানিকটা নিয়ন্ত্রিত হবে—এমনটা ধরে নেওয়া হয়েছে, যা আবার জ্বালানি তেলের দরে প্রভাব ফেলেছে।এর আগে অক্টোবর মাসে চীন সুদের হার বাড়ালে তার প্রভাবে জ্বালানি তেলের দর চার শতাংশ পড়ে গিয়েছিল।বিশ্লেষকদের কেউ কেউ আশঙ্কা করছেন, জ্বালানি তেলের দর এভাবে বাড়তে থাকলে একদিকে তা মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে, অন্যদিকে বিশ্ব-অর্থনীতির প্রবৃদ্ধিকে ব্যাহত করবে।সাধারণত, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাবটি তাৎক্ষণিকভাবে দেখা দেয় না। সূত্র: বিবিসি।