জ্বালানি তেলের দাম পাঁচ বছরে সর্বনিম্ন

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারো কমে বর্তমানে ইউরোপের বাজারে ব্যারেল প্রতি গড়ে ৬৫ ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরের জুন থেকে গতকার মঙ্গলবার পর্যন্ত অপরিশোধিত তেলের দাম কমেছে ৪৩ শতাংশ। অপরিশোধিত তেলের এ অব্যাহত দরপতন গত পাঁচ বছরে সর্বনিম্ন।
অপরিশোধিত জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমতে থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে বিলম্বিত করবে বলে মনে করা হচ্ছে। জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক বলছে, চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা থাকায় আগামী বছরে তেলের এ দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে গত সোমবারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের গড় মূল্য দাঁড়ায় ৬২ ডলার ২৫ সেন্ট, যা ২০০৯ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। ইউরোপের বাজারে প্রতি ব্যারেল তেলের মূল্য নেমে আসে ৬৫ ডলার ২৯ সেন্টে যা ২০০৯ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
জ্বালানি তেলের দাম কমার নেতিবাচক প্রভাব পড়ছে তেল উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর। আগামী জানুয়ারিতে ওই প্রতিষ্ঠানগুলোর উৎপাদন প্রতি দিন গড়ে এক লাখ ব্যারেল বাড়ানোর কথা থাকলেও দাম কমায় উল্টো অনেক প্রতিষ্ঠান ‘উৎপাদন সংকোচন’ নীতি গ্রহণ করেছে।
ইউরোপের বাজারে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য ১১০ ডলার থেকে সর্বোচ্চ ১১৫ ডলারে উঠা-নামা করেছে। চলতি বছরের জুন পর্যন্ত প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য সর্বোচ্চ ১১৫ ডলারে উঠলেও এরপর থেকেই ধারাবারিকভাবে দাম কমতে শুরু করে। বিশেষ করে গত নভেম্বরে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক সরবরাহ বেশি হওয়ার পরও উৎপাদন না কমানোর ঘোষণা দেওয়ার পর থেকে দাম দ্রুত পড়তে শুরু করে। তারই ধারাবাহিকতায় বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও অন্যতম সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ ইরাক যুক্তরাষ্ট্র ও এশিয়ার দেশগুলোতে যে তেল সরবরাহ করে তার দাম কমাতে শুরু করে।
বিশ্ব জ্বালানি তেল বাজারের বিশেষজ্ঞরা বলছেন, ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব আগামী জানুয়ারি পর্যন্ত নির্ধারিত মূল্যে চুক্তিভুক্ত দেশগুলোর কাছে তেল বিক্রি করবে। ডাউ জোনসের গত সপ্তাহের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য গড়ে ৬০ ডলার হবে বলে মনে করে সৌদি আরব।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) বলছে, আগামী ছয় মাসে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য প্রতি ব্যারেল ৬৫ ডলারে স্থির থাকবে, যদি না ওপেক দেশগুলোতে তেল উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন না আনে। কেপিসি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজার আল আদসানি বার্তা সংস্থা ব্লুমবার্গকে বলেন, বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নাটকীয় কোনো পরিবর্তন না হলে এবং ওপেক তার উৎপাদন সরবরাহ নীতি পরিবর্তন না করলে আগামী ছয় মাসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ৬৫ ডলারে স্থির থাকবে।
নরওয়ের ব্রোকারেজ প্রতিষ্ঠান ডিএনবি মার্কেটস বলছে, জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ আগামী ২০১৫ সালের প্রথম ছয় মাসে ব্যারেল প্রতি ৫০ ডলারের নিচে নেমে যেতে পারে। প্রতিষ্ঠানটি ২০১৫ সালের জন্য প্রতি ব্যারেল জ্বালানি তেলের গড় মূল্য ৭০ ডলার হতে পারে বলে ধারণা করছে।
মার্কিন ব্যাংক মরগ্যান স্ট্যানলি তাদের পূর্বাভাসে বলছে, ২০১৫ সালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য গড়ে ৫৩ ডলারে নেমে আসবে। এর আগে ব্যাংকটি বলেছিল, এ গড় মূল্য ব্যারেল প্রতি ৭০ ডলার হতে পারে।
সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স।