আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানাল বিবিএস
জ্বালানি তেলের দাম বাড়ানোয় নভেম্বরে মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী
চলতি বছরের নভেম্বরে মাসওয়ারি মূল্যস্ফীতির হার অক্টোবরের তুলনায় কিছুটা বেড়ে ১১ দশমিক ৫৮ শতাংশে উন্নীত হয়েছে। অক্টোবর মাসে এই হার ছিল ১১ দশমিক ৪২ শতাংশ।গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মূল্যস্ফীতির হারের এই তথ্য প্রকাশ করে। সংবাদ সম্মেলনে বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নভেম্বর মাসের মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে বিবিএস গত ১১ নভেম্বরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে দায়ী করেছে। বলেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব খাদ্যবহির্ভূত উপখাতগুলোতে পড়েছে। ফলে খাদ্যসামগ্রীর দাম কিছুটা কমার প্রবণতা থাকলেও মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে।পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবমতে, গত নভেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে দাড়িয়েছে ১২ দশমিক ৪৭ শতাংশ, অক্টোবরে এই হার ছিল ১২ দশমিক ৮২ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ১০ দশমিক ১৬ শতাংশ হয়েছে; অক্টোবরে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।অন্যদিকে শহরের চেয়ে গ্রামের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়ছে। নভেম্বরে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ। আগের মাসের এই হার ছিল ১১ দশমিক ০১ শতাংশ। তবে এখনো শহরে গ্রামের চেয়ে বেশি মূল্যস্ফীতি রয়েছে।নভেম্বর মাসে শহর এলাকায় মূল্যস্ফীতির হার কিছুটা কমে ১২ দশমিক ১১ শতাংশ হয়েছে; গত অক্টোবর মাসে এই হার ছিল ১২ দশমিক ৪৭ শতাংশ।সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা জানান, নভেম্বর মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় খাদ্যবহির্ভূত উপখাতগুলোতে প্রভাব পড়েছে। ফলে খাদ্যপণ্যে কমলেও সামগ্রিক মূল্যস্ফীতি বেড়েছে।মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ পর্যালোচনা করে তিনি আরও জানান, নভেম্বর মাসে প্রধানত মাছ, মাংস, ফল, দুধ ও দুগ্ধজাত সামগ্রী, অন্যান্য খাদ্যসামগ্রী, পরিধেয় বস্ত্র, বাসভাড়া, আসবাব ও গৃহস্থালী ও লন্ড্রি-সামগ্রীর দাম বেড়েছে।যোগাযোগ করা হলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘সহসাই এই উচ্চ মূল্যস্ফীতি কমার সম্ভাবনা নেই, যদি না সরকার বড় ধরনের ব্যয়সংকোচন না করে। ইতিমধ্যে লেনদেনের ভারসাম্যের ওপর চাপ বাড়ছে। এই চাপ কমাতে প্রবাসী-আয় বাড়ানোর পাশাপাশি রপ্তানি-আয় বাড়াতে হবে। কিন্তু আমরা দেখছি ডলারের দাম বাড়ছে। এতে আমদানি-খরচ বাড়বে। অন্যদিকে বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তাও করছে সরকার। এসব কারণে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা কম।’বিবিএসের পর্যবেক্ষণের সঙ্গে একমত প্রকাশ করে জায়েদ বখত বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে মূল্যস্ফীতির ওপর। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নতুন টাকা ছাপানোও মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছে।