জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন
লিবিয়ার রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর।প্রচণ্ড গণবিক্ষোভ সত্ত্বেও লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা না ছাড়ার ঘোষণা দেওয়ায় দেশটির সার্বিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। আগামী দিনগুলোয় লিবিয়ার তেল উৎপাদন ও সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।এর ফলে গতকাল লন্ডনের ব্রেন্ট অশোধিত জ্বালানি তেলের দর বেড়ে দিনের প্রথম ভাগে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৩৬ সেন্টে উন্নীত হয়। আর যুক্তরাষ্ট্রে হালকা অশোধিত জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ৯৬ ডলার তিন সেন্টে উন্নীত হয়। এটা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ইতিমধ্যে তিনটি তেল কোম্পানি লিবিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে।লিবিয়া বিশ্বের ১২তম জ্বালানি তেল রপ্তানিকারক এবং এই তেলের বেশির ভাগই ইউরোপে যায়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা শিগগির শান্ত হবে না। আর তাই অনিশ্চয়তাও কাটবে না। ফলে জ্বালানি তেলের দর নিম্নমুখী হওয়ারও কোনো সম্ভাবনা নেই। কেউ কেউ এমনো আশঙ্কা করছেন, লিবিয়ার এই অস্থিরতা খুব অল্প সময়ের মধ্যে আরও কয়েকটি দেশে বিশেষত, সৌদি আরবে ছড়িয়ে পড়তে পারে। আর তা যদি ঘটে, তাহলে বিশ্বের জ্বালানি তেলের বাজারদরে বিরাট অস্থিতিশীলতা দেখা দেবে।কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে দীর্ঘদিনের একনায়ক শাসকদের বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান অর্থনীতিবিদ ফাতিহ বিরোল বলেন, তেলের দাম বিপৎসীমায় প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা যদি চলতে থাকে, তবে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে বিশ্বের অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার প্রক্রিয়া বিলম্বিত হবে।এদিকে গতকালও এশিয়া ও ইউরোপের বেশির ভাগ শেয়ারবাজারে দরপতন অব্যাহত ছিল। ইউরোপের প্রধান স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে লন্ডনের এফটিএসই ১০০ সূচক দশমিক ৫৬ শতাংশ ও ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক দশমিক ৩৭ শতাংশ কমেছে। তবে প্যারিসের ক্যাক ৪০ সূচক বেড়েছে দশমিক ১৭ শতাংশ হারে।এশিয়ার মধ্যে টোকিওর নিক্কি সূচক দশমিক ৮০ শতাংশ ও তাইপের ভারিত সূচক ১ দশমিক ৬৭ শতাংশ হারে কমেছে। এ ছাড়া সিউল, কুয়ালালামপুর, হংকং, সিঙ্গাপুর ও সিডনির শেয়ারবাজারে দরপতন হয়েছে। বিপরীতে সাংহাই, ব্যাংকক ও জাকার্তার বাজার ছিল ঊর্ধ্বমুখী। সূত্র: বিবিসি।