জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ইএবির উদ্বেগ
সব ধরনের জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানিকারকেরা। তাঁরা রপ্তানি খাতের জন্য বিশেষ বিবেচনায় জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার তাঁদের উদ্বেগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস, কারখানার স্থাপনা ভাড়া, উৎসে কর, আয়কর, আমদানি শুল্ক, ব্যাংকের সুদের হার, কাঁচামালের আমদানি ব্যয় বাড়ায় পণ্যের উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেড়েছে রপ্তানিমুখী পণ্যের পরিবহন ভাড়াও। এসব কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর পণ্যের দাম তুলনামূলক কম। তাই বাংলাদেশ রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে।প্রসঙ্গত, সরকার লিটারপ্রতি ডিজেলের দাম সাত টাকা, পেট্রল পাঁচ টাকা ও অকটেনের দাম পাঁচ টাকা করে বাড়িয়েছে। ৩ জানুয়ারি মধ্যরাত থেকে নতুন এই দর কার্যকর করা হয়েছে। ইএবি বলেছে, ডিজেলের মূল্যও বাড়ানো হয়েছে। এর ফলে রপ্তানি আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।