জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রপ্তানিকারকদের উদ্বেগ
সব ধরনের জ্বালানি তেলের (পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েল) মূল্য প্রতি লিটারে পাঁচ টাকা করে বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা।বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে রপ্তানিশিল্প বিপৎসংকুল অবস্থায় পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেননা, এতে সব খাতের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, শিল্প কারখানার উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় দেশের রপ্তানিকারকদের সক্ষমতা হ্রাস পাবে। ইতিমধ্যে গ্যাস ও বিদ্যুতের অপর্যাপ্ত সরবরাহের কারণে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা অনেকটাই কমে গেছে। ইএবি রপ্তানিমুখী শিল্প কারখানার জন্য বর্ধিত হারের জ্বালানি মূল্য প্রত্যাহার অথবা কারখানাগুলোকে বর্ধিত হারে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে।একইভাবে সব ধরনের জ্বালানি তেল, বিশেষ করে পোশাকশিল্পে ব্যবহূত ডিজেল ও ফার্নেস অয়েলের দাম বাড়ায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বিজিএমইএ সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, উদ্যোক্তারা বর্তমানে যে পোশাকগুলো উৎপাদন করছেন, সেগুলোর রপ্তানি-আদেশ আগেই ঠিক করে নেওয়া হয়েছে এবং রপ্তানি-আদেশের নির্ধারিত মূল্য অনুযায়ী উৎপাদন চলছে। এখন উদ্যোক্তাদের জন্য বর্ধিত দাম দিয়ে ডিজেল ও ফার্নেস অয়েল কিনে উৎপাদন কার্যক্রম সম্পাদন কষ্টসাধ্য হবে। বিজিএমইএ সভাপতি এও স্মরণ করিয়ে দিয়েছেন যে বিদ্যুতের সমস্যা মোকাবিলায় পোশাক-শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ডিজেল ও ফার্নেস অয়েল ব্যবহার করে ক্যাপটিভ জেনারেটর চালাতে হয়।তৈরি পোশাকশিল্পের রপ্তানির প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা, সেই সঙ্গে পোশাকশিল্পের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় বিজিএমইএ সভাপতি পোশাকশিল্পের জন্য ডিজেল ও ফার্নেস অয়েলের আগের মূল্য বহাল রাখার ব্যাপারে সরকার প্রতি জোর অনুরোধ জানিয়েছেন।